রাজধানীজুড়ে এক রাতে সিরিজ ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন; আটক ৩
রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটেছে। মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চলসহ নানা স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় ভাটারায় একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কোনো ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, সিআইডি ও এসবির প্রধান কার্যালয় প্রাঙ্গণে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
ওসি আরিফুল আলম জানান, ককটেলটি ভেতরে পার্কিং করে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনার পর সরেজমিনে সিআইডি কার্যালয়ে গিয়ে দেখা যায়, সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডি ও এসবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়েছেন।
এদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, ভিসি চত্বর, নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণ ঘটে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এছাড়া জগন্নাথ হলের কাছাকাছি, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে তিনজনকে আটক করা হয়। ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন— রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। তাঁদের মধ্যে রেজাউল করিমের বাড়ি নাটোরের গুরুদাসপুরে, সোহেল রানার বাড়ি রাজশাহীর পুঠিয়ায় এবং নাজমুস সাদের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে, বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সিনেট ভবনের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে। এরপর প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর এবং নীলক্ষেত সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এদিকে রাত ১০টা ১০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরে রাত ১২টা ২০ মিনিটের দিকে কমলাপুর রেলওয়ে থানার (ওসি) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ভাটারা থানার ১০০ ফিট এলাকার অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি বলে জানান ওসি।
রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি জানান, রাত সাড়ে ১০টার পর বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা সেখান থেকে ধোঁয়া উড়তে দেখেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এছাড়া রাজধানীর ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এবং তেজগাঁও শিল্পাঞ্চলে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাত পৌনে ১২টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১টা ৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পূর্ব থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মামুন। তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে দুর্বৃত্তরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় জয় বাংলা স্লোগান দিয়ে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
অন্যদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত ১টা ২৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
একই দিনে রাজধানীর এতগুলো স্থানে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, কে বা কারা এসব ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


