গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সারজিল সিকদার (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি গোপালগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহত সারজিল শহরের ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা। তিনি পৌর মহিলা দলের সভানেত্রী নিরালা বেগম ও শাহ আলম সিকদারের ছেলে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের গোবরা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘোনাপাড়া থেকে মোটরসাইকেল নিয়ে শহরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সারজিলের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তাঁর নিহত হওয়ার খবর শুনে স্থানীয় সংসদ সদস্য ডা. কে. এম. বাবরসহ বিএনপির নেতৃবৃন্দ হাসপাতালে যান এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



