প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের পক্ষে 'দৃঢ় হ্যাঁ' জেফ্রিসের

জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়ার দৌড়ে এগিয়ে থাকা হাকিম জেফ্রিস বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের পক্ষে তিনি 'দৃঢ় হ্যাঁ'।
কংগ্রেসে ডেমোক্র্যাটদের সংখ্যালঘু নেতা জেফ্রিস এবিসির 'দিস উইক' অনুষ্ঠানে বলেন, হেগসেথ 'ক্ষমতার অপব্যবহার করেছেন, জাতীয় নিরাপত্তাকে ক্ষুণ্ন করেছেন এবং ইরানে এই বেপরোয়া ও ব্যয়বহুল পছন্দের যুদ্ধের নকশা করেছেন'।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচক বিদায়ী রিপাবলিকান কংগ্রেস সদস্য টমাস ম্যাসি বলেছেন, তিনি সোমবারের মধ্যেই হেগসেথকে অভিশংসনের প্রস্তাব আনার পরিকল্পনা করছেন। এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসি পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করেছে।
ম্যাসির প্রস্তাবে অভিশংসনের আটটি ধারা রয়েছে, যার মধ্যে ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকার ক্ষেত্রে ১৯৭৩ সালের যুদ্ধ ক্ষমতা প্রস্তাব লঙ্ঘনের অভিযোগও রয়েছে।
রোববার এবিসিকে জেফ্রিস বলেন, 'হেগসেথ প্রস্তাবের পক্ষে আমি দৃঢ় হ্যাঁ।'
নিউইয়র্কের কংগ্রেস সদস্য জেফ্রিস পরবর্তী হাউস স্পিকার হওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, নতুন করে ক্ষমতায় আসা ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ ও ভারসাম্য হিসেবে কাজ করবেন।
তবে মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পর তিনি বলেছেন, হাউস ডেমোক্র্যাটরা এখন প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের বিষয়ে মনোযোগ দিচ্ছেন না।
ডেমোক্র্যাটদের মধ্যবর্তী নির্বাচনে ব্যাপক জয়ের পর এই সপ্তাহে কংগ্রেসের অধিবেশন আবার শুরু হচ্ছে।



