প্রশান্ত মহাসাগরে নয় ঘণ্টা ভেসে থাকার পর উদ্ধার ক্রুজ জাহাজের পিয়ানোবাদক

প্রশান্ত মহাসাগরে প্রায় নয় ঘণ্টা ভেসে থাকার পর এক ক্রুজ জাহাজের পিয়ানোবাদককে জীবিত উদ্ধার করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট বিচের দুই জেলে শুক্রবার তাঁকে সমুদ্রে ভাসমান অবস্থায় দেখতে পান।
উদ্ধার হওয়া ব্যক্তি রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ জাহাজ 'ওভেশন অব দ্য সিজ'-এর একজন ক্রু সদস্য। তিনি জাহাজ থেকে কীভাবে সমুদ্রে পড়ে গিয়েছিলেন, তা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড।
কোস্ট গার্ড জানিয়েছে, কাতালিনা দ্বীপের কাছে মার্লিন মাছ ধরার সফর থেকে ফিরছিলেন শন নর্টন ও গ্রান্ট গ্যারেট। দুপুরের দিকে তাঁরা ওই ব্যক্তিকে পানি থেকে তুলে আনেন।
কর্তৃপক্ষের ধারণা, জেলেরা তাঁকে দেখতে পাওয়ার আগে তিনি প্রায় নয় ঘণ্টা সমুদ্রে ছিলেন। তাঁকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাঁর বেঁচে যাওয়ার আশা করা হচ্ছে।
নৌকা থেকে প্রথম ওই ব্যক্তিকে দেখতে পান নৌকার ক্যাপ্টেন। গ্যারেট সিবিএস নিউজকে বলেন, 'আমি বললাম, হ্যাঁ, এটা একজন মানুষ। নৌকা থামাও; আমাদের সব লাইন তুলে নিই।'
এরপর দুই জেলে একসঙ্গে কাজ করে তাঁকে নৌকায় তুলে আনেন। নিজেকে সামলে নেওয়ার পর ওই ব্যক্তি জানান, তিনি রয়্যাল ক্যারিবিয়ানের ১৪ তলা বিশিষ্ট ক্রুজ জাহাজ 'ওভেশন অব দ্য সিজ'-এর পিয়ানোবাদক।
নর্টন জানান, উদ্ধারের পর ওই ক্রু সদস্যের মুখে খুব বেশি কথা ছিল না। নর্টনের ভাষায়, তিনি শুধু বলেছিলেন, 'ধন্যবাদ। আমি ভেবেছিলাম আমি মারা যাচ্ছি।'
উদ্ধারের পর মাছ ধরার দলটি জরুরি সামুদ্রিক বার্তা পাঠায়। এরপর নিউপোর্ট বিচের লাইফগার্ডরা ঘটনাস্থলে গিয়ে সহায়তা করেন।
ব্যাটালিয়ন প্রধান অ্যাডাম ইয়াসেন্দা সিবিএসকে জানান, ওই ব্যক্তিকে উপকূল থেকে প্রায় ১৫ থেকে ২০ মাইল দূরে পাওয়া গিয়েছিল—তাঁর ভাষায়, 'প্রায় সমুদ্রের মাঝখানে'।
এত দীর্ঘ সময় পানিতে থাকার পরও তাঁর বেঁচে যাওয়ার পেছনে অস্বাভাবিক উষ্ণ সমুদ্রের পানি ভূমিকা রেখেছে বলে মনে করেন নর্টন। তিনি বলেন, 'এটা একটা পাগলাটে সুপার এল নিনোর বছর। লোকটা সম্ভবত ১০ ঘণ্টা পানিতে ছিল, কিন্তু পানির তাপমাত্রা ৭৬ ডিগ্রি। অন্য কোনো বছর হলে কোনোভাবেই বাঁচত না।'
ক্রু সদস্য জাহাজ থেকে কীভাবে পড়ে গিয়েছিলেন, তা এখনো তদন্তাধীন। কোস্ট গার্ড ঘটনাটি খতিয়ে দেখছে।
রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপ ঘটনাটি স্বীকার করেছে এবং জানিয়েছে, তারা ওই কর্মীকে সহায়তা করছে। সিবিএসকে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, 'এই কঠিন সময়ে আমরা আমাদের ক্রু সদস্যকে সহায়তা ও সমর্থন দিচ্ছি। আমাদের কর্মীর গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে আমাদের আর কোনো তথ্য দেওয়ার নেই।'



