লাভ আইল্যান্ডের উপস্থাপকের দায়িত্ব ছাড়লেন মায়া জামা

জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাভ আইল্যান্ড’-এর উপস্থাপকের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মায়া জামা। তিন বছর ধরে অনুষ্ঠানটি উপস্থাপনার পর তিনি এই সিদ্ধান্তের কথা জানালেন। ৩২ বছর বয়সী এই উপস্থাপক ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে তাঁর বিদায়ের খবর দেন।
অনুষ্ঠানটির নিজের কিছু মুহূর্তের একটি হাইলাইটস রিল পোস্ট করে মায়া জামা লেখেন, এখন ‘নতুন কিছুতে নিজেকে ছুড়ে দেওয়ার সময়’ হয়েছে। তিনি বলেন, লাভ আইল্যান্ডে তাঁর সময় ছিল ‘অবিস্মরণীয়’।
মায়া জামা বলেন, ‘আমি ২৮ বছর বয়সে অনুষ্ঠানটি উপস্থাপনা শুরু করি এবং নয়টি অসাধারণ সিরিজে পথচলায় সবচেয়ে চমৎকার সব মানুষের সঙ্গে দেখা হয়েছে। প্রতিটি স্লো-মো হাঁটা, ফায়ার পিট আর লাইভ শো — সবকিছুই আমি ভালোবেসেছি।’
তিনি আরও বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি, সত্যিকারের বড় হতে হলে মাঝেমধ্যে একটা লাফ দিতেই হয়।’ অনুষ্ঠান ও এর দলের প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘আমার নিজের লাভ আইল্যান্ড যাত্রা শেষ হলেও শোটি ও দলটির জন্য বিশ্বের সব সাফল্য কামনা করছি। আমি চিরকাল পাশে থেকে তোমাদের জন্য উল্লাস করব।’
২০২৩ সালের শুরুতে অনুষ্ঠানটির নবম সিরিজ দিয়ে ফেরার সময় লরা হুইটমোরের কাছ থেকে উপস্থাপকের দায়িত্ব নেন মায়া জামা। এর আগে ২০১৯ সালে ক্যারোলিন ফ্ল্যাক উপস্থাপকের পদ থেকে সরে দাঁড়ানোর পর মায়া জামাকে সম্ভাব্য উপস্থাপক হিসেবে ভাবা হয়েছিল, তবে তখন দায়িত্ব পান হুইটমোর।
মায়া জামার এই সিদ্ধান্ত এল বিবিসির ‘সেলিব্রিটি ট্রেইটরস’-এ তাঁর অংশগ্রহণের পর। সেখানে তিনি একজন ‘ট্রেইটর’ হিসেবে ফাইনাল পর্যন্ত ধরা না পড়ে খেলে যান। তাঁর এই জনপ্রিয়তার পর টাইমস পত্রিকায় জল্পনা ওঠে, তিনি প্রতিটি চুক্তি থেকে ১০ লাখ পাউন্ড পর্যন্ত পেতে পারেন।
আইটিভির এক মুখপাত্র বলেন, ‘মায়া গত তিন বছরে লাভ আইল্যান্ডে অসাধারণ ও অত্যন্ত প্রিয় একজন উপস্থাপক ছিলেন। অনুষ্ঠানে তিনি যা কিছু দিয়েছেন, তার জন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করি।’
মাত্র ১৬ বছর বয়সে বিনোদন জগতে ক্যারিয়ার গড়তে লন্ডনে চলে যান মায়া জামা। তিনি ৪মিউজিকের ‘ট্রেন্ডিং লাইভ’ এবং আইটিভির ‘ক্যাননবল’ সহ-উপস্থাপনা দিয়ে সম্প্রচারজীবন শুরু করেন। পরে তিনি বিবিসি রেডিও ১-এ শুক্র ও শনিবারের অনুষ্ঠান উপস্থাপনা করেন।
২০১৭ সালে মাত্র ২৩ বছর বয়সে তিনি চ্যানেল ৫-এ মোবো পুরস্কার অনুষ্ঠানের সর্বকনিষ্ঠ সহ-উপস্থাপক হন। সেবার তাঁর সঙ্গে ছিলেন জেএলএস তারকা থেকে উপস্থাপক হওয়া মারভিন হিউমস।
উপস্থাপক হিসেবে বিদায় নিলেও মায়া জামা তাঁর ভক্ত ও প্রযোজনা দলকে ধন্যবাদ জানিয়েছেন। নতুন কী করতে যাচ্ছেন, সে বিষয়ে তিনি এখনো কিছু জানাননি — তবে তাঁর কথায় স্পষ্ট, সামনে নতুন কোনো পথেই হাঁটতে চান এই জনপ্রিয় উপস্থাপক।




