…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি বাধ্যতামূলক? যা বলে ইসলাম

নিজস্ব প্রতিবেদক
আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি বাধ্যতামূলক? যা বলে ইসলাম
ছবি: সংগৃহীত

আজান শুনলেই মাথায় কাপড় টেনে মাথা ঢেকে নেন অনেক মুসলিম নারী। দীর্ঘদিন ধরে এটি আমাদের সমাজে প্রচলিত একটি অভ্যাস, যা অনেকেই আজানের প্রতি সম্মান ও ধর্মীয় অনুরাগ থেকে করে থাকেন। কিন্তু প্রশ্ন হলো—আজানের সময় নারীদের মাথায় কাপড় দেওয়া কি ইসলামে বাধ্যতামূলক?

ইসলামি শরিয়তে আজানের সময় নারীদের মাথায় কাপড় দেওয়ার নির্দিষ্ট কোনো বিধান নেই। অর্থাৎ আজান শোনার সঙ্গে সঙ্গে মাথা ঢেকে রাখা বাধ্যতামূলক নয়, আর এ সময় মাথায় কাপড় না দিলে কোনো গুনাহও হয় না।

তবে নারীদের জন্য গায়রে মাহরাম—অর্থাৎ যেসব পুরুষের সামনে পর্দা করা ফরজ—তাদের সামনে মাথা ও শরীরের আবশ্যক অংশ ঢেকে রাখা জরুরি। এই বিধান পর্দার সঙ্গে যুক্ত, আজানের সঙ্গে নয়।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘হে নবী, তুমি তোমার স্ত্রীদের, তোমার মেয়েদের আর মুমিনদের নারীদের বলে দাও, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের ওপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজতর হবে এবং তাদের উত্যক্ত করা হবে না। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা আহজাব, আয়াত: ৫৯)

এই আয়াতে ‘জিলবাব’ শব্দ ব্যবহার করা হয়েছে। জিলবাব বলতে এমন ঢিলেঢালা চাদর বা বাইরের পোশাক বোঝায়, যা দিয়ে নারীরা নিজেদের শরীর আবৃত করেন।

নারীদের পর্দার বিষয়ে পবিত্র কোরআনের সুরা নুরের ৩১ নম্বর আয়াতেও নির্দেশনা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘ইমানদার নারীদের বলে দাও, তারা যেন তাদের দৃষ্টি অবনমিত রাখে এবং নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করে। তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে যা স্বাভাবিকভাবে প্রকাশিত হয় তা ছাড়া। আর তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশ আবৃত করে।’

অর্থাৎ গায়রে মাহরাম পুরুষের সামনে নারীদের পর্দা রক্ষা করা ইসলামের নির্দেশ। তবে এ নির্দেশের সঙ্গে আজানের সময় মাথায় কাপড় দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।

এ বিষয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তাঁর ইউটিউব চ্যানেলে ‘আজানের সময় নারীদের মাথায় কাপড় দেওয়া বাধ্যতামূলক কি না’—এমন প্রশ্নের জবাবে বলেন, নারীদের গায়রে মাহরাম পুরুষের সামনে মাথায় কাপড় দিতে হবে এবং নিজেদের সৌন্দর্য ঢেকে রাখতে হবে। তবে বাসাবাড়িতে অবস্থান বা প্রয়োজনীয় কাজের সময় আজান শুনে সঙ্গে সঙ্গে মাথায় কাপড় দেওয়া বাধ্যতামূলক নয়। আজানের সঙ্গে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, যেসব পুরুষের সামনে নারীদের পর্দা করা আবশ্যক, তারা সামনে এলে মাথা ঢেকে রাখতে হবে।

ইসলামবিষয়ক ওয়েবসাইট ‘মুসলিম বাংলা’য় এক প্রশ্নের জবাবে শাইখ উমায়ের কোব্বাদীও একই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। তাঁর মতে, মাথায় কাপড় দেওয়া আজান-সংশ্লিষ্ট কোনো আমল নয়; বরং নারীদের পর্দার বিধান অনুযায়ী মাথা ঢেকে রাখা উচিত। তবে কোনো নারী বাসায় অসতর্ক অবস্থায় মাথায় কাপড় না পরে থাকলে আজানের সময় সতর্ক হয়ে মাথায় কাপড় টেনে নেওয়া তাঁর আল্লাহভীতির প্রকাশ হতে পারে।

সুতরাং আজানের সময় নারীদের মাথায় কাপড় দেওয়া বাধ্যতামূলক নয় এবং না দিলে গুনাহও হবে না। তবে পর্দার বিধান মেনে গায়রে মাহরাম পুরুষের সামনে মাথা ও শরীর আবৃত রাখা জরুরি। ধর্মীয় অনুভূতি থেকে কেউ আজানের সময় মাথায় কাপড় দিলে সেটি তার ব্যক্তিগত অভ্যাস ও শালীনতার প্রকাশ; একে বাধ্যতামূলক ধর্মীয় বিধান মনে করা ঠিক নয়।

জাতীয় বিভাগের আরও খবর

দোয়া কবুলের পাঁচটি বিশেষ সময়, কোরআন-হাদিসের আলোকে
জাতীয়

দোয়া কবুলের পাঁচটি বিশেষ সময়, কোরআন-হাদিসের আলোকে

দোয়া হলো মুমিনের হাতিয়ার এবং আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগের সবচেয়ে সুন্দর মাধ্যম। তবে প্রাত্যহিক জীবনের কিছু বিশেষ মুহূর্ত ও সময় রয়েছে, যে সময়ে…

জাতীয়

ফ্যাসিবাদের আমলে সমবায় সেক্টরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে: আবদুস সালাম

বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের সমবায় সেক্টরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ব…

জাতীয়

আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হচ্ছে পতেঙ্গা, সবুজ পর্যটনকেন্দ্র হিসেবে সাজবে খেজুরতলা

চট্টগ্রামের পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত উন্মুক্ত করে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। পতেঙ্গায় আন্তর…

জাতীয়

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক; ‘ভয় দেখিয়ে বাধ্য করেছে জসিম’

রাজধানীর রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার সামনেই বিস্ফোরণ…