ইউএফসি প্রধানকে প্রেস সেক্রেটারি করার ঘোষণা ‘মজা’ ছিল, বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউএফসির প্রধান ডানা হোয়াইটকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করার ঘোষণাটি ছিল নিছক মজা। রোববার সাংবাদিকদের কাছে তিনি বিষয়টি পরিষ্কার করেন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি হোয়াইটকে প্রেস সেক্রেটারির দায়িত্ব দিয়েছেন। এরপরই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
রোববার ফ্লোরিডায় নিজের বিচ ক্লাব থেকে হোয়াইট হাউসে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, হোয়াইট ব্রিফিং রুমে ছয়জন যোদ্ধাকে পাশে নিয়ে দাঁড়ালে সাংবাদিকরা তাঁর সঙ্গে ‘তেমন ঝামেলা করবে না’—এই ভাবনাটাই ছিল মজার মূল কথা।
ট্রাম্প বলেন, ‘আমি মজা করছিলাম, কিন্তু আমার মনে হয় ডানার ধারণাটা ভালো লেগেছে, আর তিনি খুবই দক্ষ একজন মানুষ।’ তিনি আরও বলেন, ‘অবশ্যই আমি মজা করছিলাম। সব মহান যোদ্ধাকে তাঁর সহকারী হিসেবে পাশে রাখার কথা বলেছিলাম বলেই বোঝা যায় এটা মজা ছিল। এটা ছিল শুধু একটু মজা।’
এর আগে রোববার ট্রাম্প তাঁর এক সমর্থকের তৈরি একটি অ্যানিমেটেড এআই কার্টুন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। কার্টুনে ইউএফসি যোদ্ধাদের সাংবাদিকদের মারধর করতে দেখা যায়।
কার্টুনে যোদ্ধা জশ হকিটকে মিশেল ওবামাকে নিয়ে করা তাঁর বর্ণবাদী মন্তব্য পুনরাবৃত্তি করতেও দেখা গেছে। জুনে ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি অনুষ্ঠানে হকিট ওই মন্তব্য করেছিলেন।
প্রেসিডেন্ট বলেন, তাঁর ভুয়া ঘোষণাটি এমন একটি উদাহরণ, যেখানে তিনি মজা করছিলেন, আর তারপর মানুষ বলতে শুরু করল, ‘জানেন, এটা আসলে বেশ ভালো ধারণা।’ তবে কারা ঠিক এই ধারণাকে সমর্থন করেছেন, তা তিনি বলেননি।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ তিন সপ্তাহ ধরে খালি রয়েছে। ট্রাম্পের আগের পছন্দ, কট্টর ডানপন্থি ভাষ্যকার কেটি জাকারিয়া পদত্যাগ করতে বাধ্য হন। বার পরীক্ষায় ব্যর্থ হয়েও নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেওয়ার বিষয়ে প্রশ্ন এড়াতে না পারায় তিনি পদ ছাড়েন।
ডানা হোয়াইট ইউএফসির প্রধান নির্বাহী এবং ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের আগে হোয়াইট হাউসের প্রচারিত করদাতার অর্থে তৈরি ট্রাম্পপন্থি বিজ্ঞাপনের একটির শেষে ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি লড়াইয়ের দৃশ্য এবং হোয়াইটের মন্তব্য ব্যবহার করা হয়।
সেই বিজ্ঞাপনে হোয়াইটকে বলতে শোনা যায়, ‘আমার জীবনে দেখা সবচেয়ে কঠিন, সবচেয়ে সহনশীল মানুষ তিনি।’ ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে, বিশেষ করে রিপাবলিকান জাতীয় কনভেনশনে ট্রাম্পের প্রশংসায় হোয়াইট একাধিকবার এই একই ভাষা ব্যবহার করেছিলেন।
তিন সপ্তাহ ধরে প্রেস সেক্রেটারির পদ খালি থাকায় পরবর্তী নিয়োগ নিয়ে প্রশ্ন উঠছে। তবে এ বিষয়ে ট্রাম্প নতুন কোনো ঘোষণা দেননি।




