…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › লাইফস্টাইল › খবর
লাইফস্টাইল

ইচ্ছা লিখলেই কি স্বপ্ন পূরণ হয়? জেন–জির ম্যানিফেস্টেশন নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক
ইচ্ছা লিখলেই কি স্বপ্ন পূরণ হয়? জেন–জির ম্যানিফেস্টেশন নিয়ে যা জানা গেল
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করতে করতে হঠাৎ সামনে চলে আসে একটি ভিডিও। সেখানে এক ইনফ্লুয়েন্সার হাসিমুখে বলছেন, তিনি রোজ সকালে খাতায় লিখতেন, ‘আমি ভালো ফল করেছি। তিন মাসের চেষ্টায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে গেছি!’ তাঁর দাবি, মহাবিশ্ব নাকি তোমার কথা শোনে।

আরেকটি ভিডিওতে বলা হচ্ছে, ৩-৬-৯ পদ্ধতিতে ইচ্ছার কথা লিখে পূরণ করে ফেলো সব স্বপ্ন। কোথাও বলা হচ্ছে ভিশন বোর্ড বানাতে, কোথাও ইতিবাচক চিন্তা করতে। তাহলেই নাকি বদলে যাবে জীবন। টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক—সবখানেই এখন এমন ভিডিওর ছড়াছড়ি।

এই ‘ইচ্ছা করলেই সব পাওয়া যায়’ ধারণার পোশাকি নাম ম্যানিফেস্টেশন। ‘ম্যানিফেস্ট’ শব্দের সহজ বাংলা অর্থ হলো, কোনো কিছু প্রকাশ করা, বাস্তবে নিয়ে আসা বা চোখের সামনে হাজির করা। অর্থাৎ ম্যানিফেস্টেশন মানে মনের ভেতরে থাকা কোনো ইচ্ছা বা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে এসে ম্যানিফেস্টেশনের ধারণা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। প্রথমটি সাধারণ ও বাস্তববাদী। এখানে তুমি কিছু একটা চাও। সেটা নিয়ে পরিষ্কারভাবে ভাবো, লক্ষ্য ঠিক করো, নিজের ওপর বিশ্বাস রাখো যে তুমি পারবে। তারপর সেই লক্ষ্য অর্জনে কাজে নেমে পড়ো। অর্থাৎ এখানে চাওয়া আর কাজ, দুটোই আছে।

দ্বিতীয় ধারণাটি ‘মহাবিশ্বের শক্তি’কে ঘিরে। এখানে বলা হয়, তুমি যা ভাববে, মহাবিশ্ব তোমাকে তা-ই ফিরিয়ে দেবে। বলা হচ্ছে, তোমার চিন্তার একটা ‘কম্পাঙ্ক’ আছে। ভালো চিন্তা করলে ভালো জিনিস আকর্ষণ করবে, খারাপ চিন্তা করলে খারাপ জিনিস। একে বলা হয় ‘আকর্ষণের সূত্র’। এ ধারণা অনুযায়ী, চুপচাপ বসে শুধু কোনো কিছু ভাবলেও একসময় তা তোমার কাছে চলে আসবে।

ম্যানিফেস্টেশনের শুরু আজকের সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে নয়, প্রায় ২০০ বছর আগের। এর শিকড় উনিশ শতকের আমেরিকায়। তখন চিকিৎসাবিজ্ঞান আজকের মতো উন্নত ছিল না। অসুস্থ মানুষকে অনেক সময় যন্ত্রণাদায়ক চিকিৎসাপদ্ধতির মধ্য দিয়ে যেতে হতো। রোগে ভোগা আর রোগের চিকিৎসা, দুটোই ছিল কষ্টের।

সে সময় ফিনিয়াস পার্কহার্স্ট কুইম্বি নামের এক ঘড়ির মিস্ত্রি হাজির হলেন নতুন এক দর্শন নিয়ে। তাঁর ধারণা ছিল, মানুষের অনেক শারীরিক অসুস্থতার কারণ শরীরের কোনো সমস্যা নয়, বরং মনের ভুল বিশ্বাস। তাই চিন্তা ও বিশ্বাস বদলাতে পারলে অসুস্থতাও সেরে যেতে পারে।

এভাবেই উনিশ শতকের আমেরিকায় গড়ে ওঠে নতুন এক আধ্যাত্মিক ও দার্শনিক আন্দোলন—নিউ থট। এর মূল কথা তিনটি: এক, মানুষের মন খুব শক্তিশালী। দুই, চিন্তা শুধু মাথার ভেতরেই সীমাবদ্ধ থাকে না; তা মানুষের স্বাস্থ্য, চরিত্র ও জীবনের পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে। তিন, ইতিবাচক চিন্তা ভালো ফল আনে আর নেতিবাচক চিন্তা খারাপ ফল। অনেকেই ফিনিয়াস কুইম্বিকে নিউ থট আন্দোলনের অন্যতম পথিকৃৎ মনে করেন।

১৮৬৬ সালে আধ্যাত্মবাদী অ্যান্ড্রু জ্যাকসন ডেভিস প্রথমবারের মতো ‘ল অব অ্যাট্র্যাকশন’ শব্দবন্ধটি ব্যবহার করেন। তখন অবশ্য তিনি এ শব্দ দিয়ে মৃত্যুর পর আত্মারা কীভাবে বিভিন্ন স্তরে বিভক্ত হয়, তা বোঝাতেন। পরে ১৯০৬ সালে উইলিয়াম ওয়াকার অ্যাটকিনসন তাঁর ‘থট ভাইব্রেশন অর দ্য ল অব অ্যাট্র্যাকশন ইন দ্য থট ওয়ার্ল্ড’ বইয়ে ধারণাটির অর্থ বদলে দিলেন। অ্যাটকিনসনের মতে, চিন্তারও একধরনের কম্পন আছে। আর সেই কম্পন একই ধরনের জিনিসকে নিজের দিকে টেনে আনে।

এর সঙ্গে টাকাপয়সা ও সাফল্যের ধারণা জুড়ে দিলেন বিখ্যাত লেখক নেপোলিয়ন হিল। ১৯৩৭ সালে প্রকাশিত হলো তাঁর বই ‘থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ’। বইটির মূল কথা, তুমি যদি কোনো কিছু খুব তীব্রভাবে চাও এবং মনে মনে বিশ্বাস করো যে তা পাবে, তাহলে সেটি পাওয়ার পথ খুলে যাবে। হিলই আকর্ষণের আধ্যাত্মিক ধারণার সঙ্গে টাকা ও বস্তুগত সাফল্যের বিষয়টি জনপ্রিয় করে তোলেন।

এরপর ২০০৬ সালে এল আরও বড় এক মোড়। অস্ট্রেলীয় টেলিভিশন প্রযোজক রোন্ডা বার্ন প্রথমে ‘দ্য সিক্রেট’ নামে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেন। পরে একই নামে বই প্রকাশ করেন। বইটির মূল বিষয়ই হলো ম্যানিফেস্টেশন ও আকর্ষণের সূত্র। বিশ্বজুড়ে কোটি কোটি কপি বিক্রি হয় বইটি।

ইন্টারনেটে ঢুকলে মনে হবে, ম্যানিফেস্টেশনের পদ্ধতির কোনো শেষ নেই। জনপ্রিয় কয়েকটি পদ্ধতির মধ্যে রয়েছে ভিশন বোর্ড—একটি বড় বোর্ডে নিজের স্বপ্নের সঙ্গে মেলে এমন ছবি সাঁটিয়ে রাখা। আছে স্ক্রিপ্টিং—ডায়েরির পাতায় এমনভাবে স্বপ্নের কথা লেখা, যেন ঘটনাটি ইতিমধ্যে ঘটে গেছে। ৩-৬-৯ পদ্ধতিতে সকালে ৩ বার, দুপুরে ৬ বার আর রাতে ৯ বার একই ইচ্ছার কথা লিখতে হয়।

আরও আছে আয়নার সামনে দাঁড়িয়ে বারবার ইতিবাচক বাক্য বলা—‘আমি আত্মবিশ্বাসী’, ‘আমি যোগ্য’, ‘আমি পারব’। লুইস হের মতো লেখকদের হাত ধরে এ পদ্ধতি বেশ জনপ্রিয় হয়েছে। এর একটি ধরন ৫৫-৫ পদ্ধতি—একই বাক্য টানা ৫ দিন প্রতিদিন ৫৫ বার করে লেখা। আছে চোখ বন্ধ করে সফলতার দৃশ্য কল্পনা করা, ‘অ্যাজ ইফ’ কৌশল—যেন জিনিসটি ইতিমধ্যেই তোমার কাছে আছে, এমনভাবে ভাবা—আর যা এখনো পাওনি, তার জন্যও মহাবিশ্বকে আগাম ধন্যবাদ জানানো।

তবে ৩-৬-৯ পদ্ধতির সঙ্গে বিজ্ঞানী নিকোলা টেসলার নাম জড়িয়ে যে গল্প ছড়িয়েছে, তার নির্ভরযোগ্য প্রমাণ নেই। টেসলা এ পদ্ধতি শিখিয়ে গেছেন, এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। তিনি আদৌ এ ধরনের কোনো পদ্ধতির কথা জানতেন কি না, তা-ও নিশ্চিত নয়। তাই এটিকে ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি গল্প হিসেবেই ধরে নেওয়া ভালো।

ম্যানিফেস্টেশনের অনুসারীরা সাধারণত কয়েকটি ধাপ মেনে চলার পরামর্শ দেন। প্রথমে ইচ্ছা বা লক্ষ্যটা স্পষ্ট করে নিতে হবে—‘ভালো ফল করতে চাই’ বললে চলবে না, বরং বলতে হবে, ‘আমি এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেতে চাই’। পরের ধাপে ইচ্ছার কথা ডায়েরিতে লিখতে হবে, অনেকেই লেখেন বর্তমান কালে, যেন লক্ষ্যটি ইতিমধ্যে পূরণ হয়ে গেছে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে পাঁচ মিনিট চোখ বন্ধ করে নিজের সফলতার দৃশ্য কল্পনা করতে বলা হয়। সন্দেহকে সবচেয়ে বড় শত্রু মনে করা হয়, তাই যা চাইছ, তা পাওয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতে বলা হয়। আর শেষে ইচ্ছার কথা মহাবিশ্বের কাছে সমর্পণ করে বাকি সময় নিজের শতভাগ দিয়ে কাজ করে যেতে বলা হয়।

‘মনে মনে চাইলেই মহাবিশ্ব তোমার জন্য সবকিছু এনে দেবে’—এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে ম্যানিফেস্টেশনের কিছু পদ্ধতি মানসিকভাবে কাজে লাগতে পারে। যেমন নিজের লক্ষ্য লিখে রাখা, সেটি নিয়মিত মনে করা, ইতিবাচকভাবে নিজের সঙ্গে কথা বলা কিংবা সফলতার দৃশ্য কল্পনা করা। এসব অভ্যাস লক্ষ্য ঠিক রাখতে ও কাজে মনোযোগ বাড়াতে সাহায্য করতে পারে।

ধরো, তুমি ডায়েরিতে লিখে রাখলে, এইচএসসি পরীক্ষায় ভালো ফল করতে চাও। প্রতিদিন লেখাটি চোখে পড়লে নিজের লক্ষ্যের কথা মনে পড়বে। হয়তো তখন পড়ার টেবিলে একটু বেশি সময় বসবে, পড়াশোনার পরিকল্পনা করবে কিংবা পরীক্ষার প্রস্তুতিতে আরও মনোযোগী হবে। অর্থাৎ তোমার লক্ষ্যটা মনে রাখার ফলে কাজেও পরিবর্তন আসতে পারে। কিন্তু শুধু খাতায় লিখে রাখলেই পরীক্ষায় ভালো ফল হবে না। তার জন্য পড়তে হবে, অনুশীলন করতে হবে, ভুল থেকে শিখতে হবে। দিন শেষে এটি মহাবিশ্বের কোনো জাদু নয়; বরং তোমার নিজের চেষ্টা, পরিকল্পনা আর লেগে থাকার ফল।

লাইফস্টাইল বিভাগের আরও খবর

ছুটির মৌসুমে ১০ ডলারের নিচে ৩০টির বেশি নতুন পণ্য আনছে অলডি
লাইফস্টাইল

ছুটির মৌসুমে ১০ ডলারের নিচে ৩০টির বেশি নতুন পণ্য আনছে অলডি

জার্মান সুপারমার্কেট চেইন অলডি নভেম্বরজুড়ে ছুটির মৌসুমের নতুন পণ্যে তাদের তাক সাজাচ্ছে। ২৫ নভেম্বর পর্যন্ত প্রতি বুধবার সীমিত সময়ের জন্য উৎসবের পণ্য…

লাইফস্টাইল

স্থাপত্য ও চিত্রে পুরান ঢাকার কাব্যময়তা: রফিক আজমের একক প্রদর্শনী 'থ্রেশহোল্ড'

স্থপতি রফিক আজমের একক প্রদর্শনী 'থ্রেশহোল্ড: আর্ট অ্যান্ড আর্কিটেকচার' চলছে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনকক্ষে। পুরান ঢাকার স্মৃত…