বিয়ে নিয়ে পুরুষের মনে ভয় কেন, নেপথ্যে যেসব সামাজিক ও মনস্তাত্ত্বিক কারণ
বিয়ে মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি শুধু নারী-পুরুষের পারস্পরিক বৈধ সম্পর্ক নয়; পরিবার গঠন, ভালোবাসা ও দায়িত্ব ভাগ করে নেওয়া, চরিত্র ও পবিত্রতা রক্ষা এবং পরবর্তী প্রজন্ম গড়ে তোলার অন্যতম মাধ্যম। কিন্তু সমসাময়িক সমাজে বিয়ে বা বৈবাহিক সম্পর্কের প্রতি তরুণ প্রজন্মের, বিশেষ করে পুরুষদের অনীহা একটি বহুল আলোচিত ও গভীর সামাজিক প্রপঞ্চে পরিণত হয়েছে। বহু পুরুষই আর্থিকভাবে স্বচ্ছল হলেও বিয়ে করতে রীতিমতো ভয় পান।
পুরুষদের একটি বড় ভয়ের কারণ হলো, তারা একই সঙ্গে দায়িত্বশীল সন্তান এবং সহায়তাকারী স্বামী — উভয় ভূমিকা সফলভাবে পালন করতে পারবেন কি না, তা নিয়ে সন্দিহান থাকেন। বিয়ের আগে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা পারস্পরিক বোঝাপড়া তৈরি হলে তা যৌথভাবে সমস্যা সমাধানে সাহায্য করে।
অর্থনৈতিক চাপ এক্ষেত্রে একটা বড় সমস্যা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আবাসন সংকট এবং বেকারত্ব বা আয়ের অস্থিতিশীলতা পুরুষদের মনে একধরনের অদৃশ্য নিরাপত্তাহীনতা তৈরি করে। বিয়ের সঙ্গে আর্থিক দায়িত্ব, সংসার চালানো এবং পরিবারের ভরণপোষণের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। নিজের পায়ে সম্পূর্ণভাবে দাঁড়ানোর আগে অতিরিক্ত আর্থিক চাপ নেওয়ার ঝুঁকি নিতে চান না অনেকেই। সঙ্গীর সঙ্গে আর্থিক বিষয়ে স্বচ্ছ থাকা, যৌথভাবে বাজেট নিয়ে আলোচনা এবং আর্থিক দায়িত্ব ভাগ করে নেওয়ায় তা মিটতে পারে। এতে দুশ্চিন্তাও অনেকটাই কমে।
অধিকাংশ পুরুষই ভাবেন, বিয়ে করলেই স্বাধীনতা শেষ হয়ে যায়। বিয়ের পর নিজেদের শখ, জিমে কাটানো সময় বা বন্ধুদের সঙ্গে আড্ডা হারিয়ে ফেলার ভয় পান অনেকেই। মনে রাখতে হবে একটি সুস্থ সম্পর্কের ভিত্তি ব্যক্তিগত পরিসর, তাই শুরুতেই পারস্পরিক সীমানা নির্ধারণ করে নিলে তা সমস্যা হওয়ার কথা নয়।
দুটি ভিন্ন মানুষ হঠাৎ করে এক ছাদের নিচে এলে মতের অমিল হওয়াটা স্বাভাবিক। মনে রাখবেন, নিখুঁত বা আদর্শ বলে কিছু নেই। পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকলে সম্পর্ক সুন্দর হতে বাধ্য।
পারিবারিক বিবাদের সময় জীবনসঙ্গী ও বাবা-মায়ের মাঝে পড়ে যাওয়ার বিষয়টি নিয়ে পুরুষরা প্রায়ই উদ্বিগ্ন থাকেন। জীবনসঙ্গী এবং পরিবার — উভয়কেই গুরুত্ব দিয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করলে কোনও সমস্যা বড় আকার নেবে না।
বিয়ে দুটি ভিন্ন পরিবার ও মানসিকতাকে একত্রিত করে। সঙ্গীর সঙ্গে এবং পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করলে সংশয় কাটিয়ে বিয়ের সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
এই ভয়গুলোকে চিহ্নিত করে খোলামেলা আলোচনার মাধ্যমে কাটিয়ে ওঠা সম্ভব। দায়িত্ব, অর্থ, স্বাধীনতা, মতের অমিল কিংবা পরিবারের সঙ্গে ভারসাম্য — প্রতিটি বিষয়েই আগেভাগে বোঝাপড়া তৈরি হলে বিয়ের সিদ্ধান্ত আর ভয়ের বিষয় থাকে না।


