থানা, সিআইডি, আনসার সদর দপ্তর—একটার পর একটা ককটেল, ঢাকায় নজরদারি জোরদার

রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। কখনো থানার সামনে, কখনো পুলিশের কার্যালয়ে, আবার কখনো গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনায় নিক্ষেপ করা হচ্ছে এসব ককটেল।
ধারাবাহিক এসব বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে দুর্বৃত্তরা বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা। এ পরিস্থিতিতে রাজধানীতে নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে পুলিশ।
সর্বশেষ রোববার (৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে মিরপুরের পল্লবী থানার সামনে এক থেকে দুটি ককটেল বিস্ফোরিত হয়। একই এলাকায় নাবানা টাওয়ারের সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ছাড়া যাত্রাবাড়ীর কাজলা, ভাটারায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে, নীলক্ষেত মোড় এবং সিআইডি কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। উত্তরা পূর্ব থানার সামনেও তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছে।
এর আগের দিন এবং তারও আগের দিন যাত্রাবাড়ী থানার সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অর্থাৎ টানা তিন দিন ওই থানার সামনে বিস্ফোরণ ঘটানো হয়েছে।
এ ছাড়া গতকাল সন্ধ্যায় খিলগাঁও আনসার সদর দপ্তরের ভেতরে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হলে সেটি বিস্ফোরিত হয়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যার দিকে খিলগাঁও আনসার সদর দপ্তরের ভেতরে একটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে সেটি বিস্ফোরিত হয়।
আনসার সদর দপ্তর চারদিকে সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা। ফলে ভেতরে ককটেল নিক্ষেপের ঘটনায় এটি লক্ষ্য করেই দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, পুলিশের স্থাপনা লক্ষ্য করেই দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করছে বলে মনে হচ্ছে। তা না হলে সিআইডি কার্যালয়ের ভেতরে ককটেল কীভাবে গেল?
পুলিশের বিভিন্ন স্থাপনায় বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে দুর্বৃত্তরা। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান পল্টন থানার ওসি।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ বলেন, সেখানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সেগুলো থানার ভেতরে নয়, সামনেই বিস্ফোরিত হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) আখতার হোসেন বলেন, দুর্বৃত্তরা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। পুলিশি স্থাপনাকে লক্ষ্য করেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
এই তৎপরতার অংশ হিসেবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, ঢাকার প্রতিটি থানার তত্ত্বাবধানে বিভিন্ন স্থানে চেকপোস্টের মতো তল্লাশি কার্যক্রম চলছে। সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে। এটি পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ।
এদিকে সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, কোনো এলাকায় দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের কারও চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হতে পারে।
যেমন, রমনা থানা এলাকায় দায়িত্ব পালনের সময় কাকরাইল মোড়ে কাউকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে পুলিশ তাকে তল্লাশি করতে পারে বলে জানান ওই কর্মকর্তা।
এ ছাড়া রিকশার চলাচলের ওপরও নজরদারি করা হচ্ছে। কোন রিকশা কোথা থেকে কোথায় যাচ্ছে, সেটিও পর্যবেক্ষণ করা হচ্ছে। সন্দেহ হলে পুলিশ তল্লাশি চালাতে পারে। তবে এ ক্ষেত্রে কাউকে যেন হয়রানি করা না হয়, সে বিষয়েও সতর্ক থাকার কথা জানিয়েছেন ওই কর্মকর্তা।


