বেগমগঞ্জে সীমানা বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, বোনজামাই গুরুতর আহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২১) নামে এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় তার বোনজামাই মো. মামুন (৩৮) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার কড়ইতলা গ্রামের নাদু মহুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম মনা ওই বাড়ির আব্দুল খালেক বুলুর ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে একই বাড়ির আবুল কাশেমের পরিবারের সঙ্গে আব্দুল খালেক বুলুর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। রোববার রাত ৮টার দিকে বুলুর পরিবারের দেওয়া সীমানা পিলার কেউ ভেঙে ফেলে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে উভয় পক্ষ নিজ নিজ ঘরে চলে যায়।
রাত ১০টার দিকে মনা তার বোনজামাই মামুনকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরলে আবার আবুল কাশেমের পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া শুরু হয়। এ সময় আবুল কাশেমের ছোট ছেলে ফুয়াদ ইসলাম (২৪) প্রতিবাদ করলে মনার সঙ্গে তার হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজন তাদের থামিয়ে বাড়ি পাঠিয়ে দেন। তবে এরপরও দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে।
পুলিশ জানায়, বিষয়টি আবুল কাশেমের ছেলে আরমান হোসেন রিমনকে জানানো হলে তিনি রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে এসে ছুরি নিয়ে তার ভাই ফুয়াদসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বুলুর বসত ঘরের সামনে যান। এ সময় বাড়ির দরজার সামনে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন মনা। এ সুযোগে আরমান ও ফুয়াদ তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এ সময় ঠেকাতে গেলে মনার বোনজামাই মামুনকে ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক জানান যে মনা হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
আর গুরুতর আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে মনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত স্থানীয় লোকজন আবুল কাশেমের বসতঘরে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুজনকে আটক করে পুলিশ।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


