পোশাকশ্রমিকদের মজুরি: আজ বোর্ডের সভায় ৩০ হাজারের বেশি প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সভায় শ্রমিকপক্ষের তরফ থেকে প্রাথমিক মজুরি প্রস্তাব দেওয়া হবে।
আজ বেলা ১১টায় ঢাকার সেগুনবাগিচায় মজুরি বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা অংশ নেবেন।
মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করে আসছেন তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণে বোর্ড গঠন করে সরকার।
বোর্ডের প্রথম সভার পর সাভার-আশুলিয়া ও গাজীপুরে শ্রম অসন্তোষের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে গতকাল রোববার এসব এলাকার ৩৮টি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে।
বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে আছেন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার।
এ ছাড়া শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি হিসেবে আছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। আলোচনার সুবিধার্থে উভয় পক্ষ দুজন করে বিশেষজ্ঞ সঙ্গে রাখতে পারবেন। গত বুধবার বোর্ডের প্রথম সভায় এ অনুমতি দেন চেয়ারম্যান।
শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার গত রাতে জানান, মজুরি প্রস্তাব তৈরির বিষয়ে গত কয়েক দিনে শ্রমিকনেতাদের ১২টি জোট, ৬০টি ফেডারেশন এবং বিভিন্ন কারখানার সক্রিয় ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে।
আজ সোমবার বোর্ডের সভায় প্রাথমিক মজুরি প্রস্তাব দেওয়া হবে। পরে বিস্তারিত প্রস্তাব জমা দেওয়া হবে। নিম্নতম মজুরি কত নির্ধারণের প্রস্তাব দেওয়া হবে, জানতে চাইলে তিনি বলেন, প্রস্তাবিত মজুরি ৩০ হাজার টাকার বেশি হবে।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, আজ সোমবার মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে কি না, তা এখনো নিশ্চিত নয়। যেসব কারখানা চালু করা সম্ভব হয়নি, সেগুলোর মালিকদের সঙ্গে বৈঠক করেছেন তাঁরা। গত সপ্তাহের তুলনায় শ্রমিকদের বিক্ষোভ কমে আসায় মালিকেরা কারখানা চালু রাখতে চান বলেও জানান তিনি।
গতকাল রোববার সাভার-আশুলিয়ার অধিকাংশ কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানায় শ্রমিকেরা সকালে উপস্থিত হলেও মজুরি বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ রাখেন। এ কারণে ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
অন্যদিকে, কিছু শ্রমিক সকাল সাড়ে ১০টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নেন। পরে পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
বিজিএমইএ সূত্র জানায়, সাভার আশুলিয়ার আয়শা ক্লোথিং, রেজা ফ্যাশনস, ফ্যাশন প্লাস, এনভয় ফ্যাশন ও গার্মেন্টস, স্টার্লিং ক্রিয়েশন, রোজ ড্রেস, বান্দো ডিজাইন, স্টার্লিং অ্যাপারেলস, ম্যাডলার অ্যাপারেলস ইত্যাদি কারখানায় কাজ হয়নি।
জানতে চাইলে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সাভার ও আশুলিয়ায় কারখানাগুলোতে শ্রমিকেরা কাজ করেছেন। কিছু কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে ছিলেন। সব মিলিয়ে ৩০টি কারখানা ছুটি দিয়েছে কর্তৃপক্ষ।
অন্যদিকে গতকাল সকালে গাজীপুরে অধিকাংশ কারখানার কাজে যোগ দেন শ্রমিকেরা। গাজীপুরের কোনাবাড়ি থানার নয়াপাড়া এলাকায় মন্ডল গ্রুপের মুনটেক্স ফেব্রিকসের শ্রমিকেরা সকালে কাজে যোগ দিলেও দুপুরে খাবারের বিরতির পর আর কাজে ফেরেননি। পরে তাঁরা মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন।
একপর্যায়ে ওই কারখানার শ্রমিকেরা আশপাশের কারখানার শ্রমিকদেরও তাঁদের সঙ্গে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। এ সময় বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় কাইজার নিটওয়্যার, তাসনিয়া ফেব্রিকস, মাল্টিফ্যাবস লিমিটেড, ইসলাম নিটওয়্যারসহ আশপাশের অন্তত আটটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা। তাঁরা শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
আজকের সভায় শ্রমিকপক্ষের প্রাথমিক প্রস্তাবের পর মজুরি কত নির্ধারিত হয়, সেদিকে এখন তাকিয়ে আছেন দেশের লাখ লাখ পোশাকশ্রমিক।


