ঢাকায় পৌঁছাতেই সবজির দাম বাড়ে কয়েক গুণ, লাভের ভাগ কার পকেটে?
ঢাকার বাজারে সবজির দাম বাড়ে কেন? উৎপাদনস্থল থেকে রাজধানীর পাইকারি বাজার পর্যন্ত একটি সবজির দাম কতটা বাড়ে, আর পাইকারি বাজার থেকে পাড়া-মহল্লার খুচরা দোকানে পৌঁছাতে গিয়ে সেই দামই বা কয়েক গুণ বেড়ে যায় কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে এসেছে কৃষক, মধ্যস্বত্বভোগী, ব্যাপারী, আড়তদার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের নিয়ে গড়ে ওঠা একটি দীর্ঘ বাজারব্যবস্থা।
প্রতি বছর নভেম্বর-ডিসেম্বর মাসে বাজারে আসতে শুরু করে শীতকালীন সবজি। এ সময় সরবরাহ বাড়ায় সাধারণত সবজির দাম কমতে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। গত কয়েক দিনে রাজধানীর সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে সেই স্বস্তি স্থায়ী হচ্ছে না; দু-এক দিন পরপরই কোনো কোনো সবজির দাম আবার বেড়ে যাচ্ছে। রাজধানীর প্রধান পাইকারি ও খুচরা কাঁচাবাজার কারওয়ান বাজার ছাড়াও পুরান ঢাকার শ্যামবাজার, গাবতলী কাঁচাবাজার, নিউমার্কেট কাঁচাবাজার, মোহাম্মদপুর টাউন হল ও কৃষি মার্কেট ঘুরে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে বেশ কিছু সবজির দাম কমেছে। তবে পাইকারি ও খুচরা বাজারের দামের ব্যবধান নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ রয়েছে।
অভিযোগ রয়েছে, পাইকারি বাজারে যে দামে সবজি বিক্রি হয়, পাড়া-মহল্লার খুচরা বাজারে পৌঁছাতে সেই দাম কেজিপ্রতি ৭০-৮০ টাকা, এমনকি ১০০ টাকা পর্যন্ত বেড়ে যায়। উদাহরণ হিসেবে বলা যায়, কারওয়ান বাজারে যে আলুর খুচরা দাম কেজিপ্রতি ১৮ টাকা, পাড়া-মহল্লার কোনো কোনো দোকানে তা ৩০-৪০ টাকা, এমনকি ৫০ টাকায়ও বিক্রি হচ্ছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে কারওয়ান বাজারের কয়েকজন ক্রেতা এমন অভিযোগ করেন। মহিউদ্দিন নামে এক ক্রেতা বলেন, কারওয়ান বাজার তাঁর কর্মস্থল। তাঁর বাসা বসিলায়। তাঁর মহল্লায় বর্তমানে আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা করে। তাই তিনি নিয়ম করে কারওয়ান বাজার থেকে বাজার করেন।
বিষয়টি অনুসন্ধানে চ্যানেল আই অনলাইন কথা বলেছে কারওয়ান বাজারের কয়েকজন আড়তদার, কাঁচামাল ব্যবসায়ী, কৃষক এবং কৃষি বিভাগের একজন কর্মকর্তার সঙ্গে। তাঁদের বক্তব্যে উঠে এসেছে, সবজির দাম বাড়ার পেছনে শুধু মধ্যস্বত্বভোগী বা খুচরা বিক্রেতার মুনাফাই দায়ী নয়; বরং উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত পুরো সরবরাহব্যবস্থায় রয়েছে নানা ধরনের ব্যয়, সীমাবদ্ধতা ও অসংগতি।
কারওয়ান বাজারের পাইকারি আড়ত বরিশাল বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী জাকির হোসেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, পাইকারি ও খুচরা বাজারের মধ্যে দামের এত বড় ব্যবধান কেন? তাঁর মতে, খুচরা পর্যায়ে অনেক ব্যবসায়ী তুলনামূলক বেশি মুনাফা করেন। তবে উৎপাদনস্থল থেকে রাজধানীর বাজার পর্যন্ত পণ্য আনতে যে খরচ ও ঝুঁকি থাকে, সেটিও বিবেচনায় নিতে হবে। জাকির হোসেন বলেন, বাংলাদেশের যে প্রান্ত থেকেই পণ্য আসুক না কেন, পরিবহন খরচ কেজিপ্রতি গড়ে পাঁচ টাকার মতো পড়ে। মানিকগঞ্জ থেকে পণ্য এলেও প্রায় একই খরচ, আবার হেমায়েতপুর থেকে এলেও পরিবহন ব্যয় কাছাকাছি। তাঁর ভাষ্য অনুযায়ী, রাজশাহীতে যে আলু কেজিপ্রতি ছয় টাকায় বা ফুলকপি প্রতি পিস পাঁচ টাকায় বিক্রি হচ্ছে, ঢাকায় আসতে আসতে সেগুলোর দাম অনেক বেড়ে যায়।
এর একটি কারণ পরিবহনের সময় পণ্য নষ্ট হওয়া। একটি ট্রাকে চার-পাঁচ হাজার পিস পণ্য পরিবহন করা হলে তার মধ্যে অন্তত ৫০০ পিস নষ্ট হয়ে যেতে পারে। এই ক্ষতির অর্থও শেষ পর্যন্ত ভালো পণ্যের বিক্রয়মূল্যের সঙ্গে সমন্বয় করতে হয়। আলুর উদাহরণ দিয়ে তিনি বলেন, কারওয়ান বাজারে এক বস্তা আলুর দাম ৯৫০ টাকা। হিসাব অনুযায়ী, প্রতি কেজির দাম পড়ে প্রায় ১৪ টাকা ৬০ পয়সা। এর সঙ্গে পরিবহন ও অন্যান্য খরচ যোগ হয়। এরপর খুচরা বিক্রেতারা মহাখালী, মগবাজারসহ বিভিন্ন এলাকায় পণ্য নিয়ে যান। সেখানে পরিবহন ব্যয় থাকলেও কোনো কোনো ক্ষেত্রে প্রতি কেজি আলু ৪০-৫০ টাকা, এমনকি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তাঁর মতে, এই অতিরিক্ত মূল্যবৃদ্ধি কোনোভাবেই যৌক্তিক নয়।
কারওয়ান বাজারের কাঁচামাল আড়ত ব্যবসায়ী মালিক বহুমুখী সমবায় সমিতির সদস্য ও আড়তদার কুসুম মিয়া পচনশীল পণ্যের ঝুঁকির বিষয়টি সামনে আনেন। তাঁর বক্তব্য, প্রতিদিন রাত ১২টার পর থেকে ভোর হওয়ার আগেই পাইকারি পর্যায়ে সবজি বিক্রি হয়ে যায়। এসব পণ্য বিভিন্ন জেলা শহরে চলে যায়, আবার আশপাশের এলাকার খুচরা বিক্রেতারাও কিনে নেন। কুসুম মিয়া বলেন, কাঁচামাল বেশিক্ষণ সংরক্ষণ করা যায় না। সময়মতো বিক্রি করতে না পারলে পণ্য নষ্ট হয়ে যায়। ফলে ব্যবসায়ীরা কখনো কখনো খুব কম দামেও পণ্য বিক্রি করতে বাধ্য হন। কারওয়ান বাজারে তখন পেঁপে কেজিপ্রতি ১৫ টাকা এবং ফুলকপি প্রতি পিস ১৫-২০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ পণ্য নষ্ট হয়ে গেলে ব্যবসায়ীদের লোকসান গুনতে হয়। এমনও হয়েছে, ৩১০ বস্তা আলু নষ্ট হওয়ায় ভ্যানভাড়া দিয়ে সেগুলো ময়লার ভাগাড়ে ফেলে দিতে হয়েছে।
তবে পণ্য নষ্ট হওয়ার ঝুঁকি ও পরিবহন ব্যয় থাকলেও পাইকারি-খুচরা দামের বড় ব্যবধানের পূর্ণ ব্যাখ্যা শুধু এসব খরচ দিয়ে পাওয়া যায় কি না, সেই প্রশ্ন থেকেই যায়। কারওয়ান বাজার হাছিনা মার্কেটের ব্যবসায়ী জহিরের মতে, পাইকারি-খুচরা দামের বড় ব্যবধান এলাকাভেদে নির্ভর করে। যেসব এলাকায় বাজার ও দোকানপাট বেশি, সেখানে প্রতিযোগিতা থাকে। ফলে ব্যবসায়ীরা তুলনামূলক কম মুনাফায় পণ্য বিক্রি করতে বাধ্য হন। কিন্তু গুলশান, বনানী বা ধানমন্ডির মতো কিছু এলাকায় বাজারের সংখ্যা তুলনামূলক কম। কোথাও কোথাও দোকানও সীমিত। ফলে এসব এলাকায় ব্যবসায়ীরা কিছুটা বেশি মুনাফা করার সুযোগ পান। এ কারণেও একই সবজির দামে এলাকাভেদে বড় পার্থক্য তৈরি হতে পারে।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কৃষক মনিরুজ্জামান মনিরের মতে, কৃষিপণ্যের উৎপাদন থেকে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত একাধিক মধ্যবর্তী ধাপ অতিক্রম করতে হয়। আর প্রতিটি ধাপেই যুক্ত হয় নতুন খরচ ও মুনাফা। এতে উৎপাদনস্থলে যে দামে পণ্য বিক্রি হয়, রাজধানীর বাজারে পৌঁছাতে তার দাম অনেকটাই বেড়ে যায়। মধ্যস্বত্বভোগীদের ভূমিকা ও বাজারে সিন্ডিকেটের প্রভাব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কৃষকের কাছ থেকে পণ্য প্রথমে আড়তে যায়। সেখানে আড়তদার কমিশন নেন। এরপর পাইকারি ব্যবসায়ী, পরিবহনকারী এবং খুচরা বিক্রেতার হাত ঘুরে পণ্য ভোক্তার কাছে পৌঁছায়। প্রতিটি পর্যায়েই কিছু না কিছু খরচ যুক্ত হয়।
তিনি উদাহরণ দিয়ে বলেন, রাজশাহী থেকে আলু ঢাকায় আনতে হলে প্রথমে উৎপাদনস্থল কিংবা হিমাগার থেকে পণ্য বের করতে হয়। এরপর পরিবহন ব্যয়, আড়তের কমিশন, পাইকারি বাজারের খরচ এবং বিভিন্ন এলাকায় সরবরাহের ব্যয় যুক্ত হয়। সর্বশেষ খুচরা বিক্রেতাকেও তার ব্যবসায়িক মুনাফা রাখতে হয়। কেউ প্রতি কেজিতে ১০ টাকা, কেউবা ২০ টাকা লাভ করতে চান। সব মিলিয়েই ভোক্তার কাছে পণ্যের চূড়ান্ত দাম নির্ধারিত হয়।
তবে মনিরের মতে, সমস্যাটি কেবল কয়েকজন ব্যবসায়ীর অতিরিক্ত মুনাফার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং সমাজের প্রতিটি স্তরে মুনাফাকেন্দ্রিক চিন্তাভাবনা বিস্তৃত হওয়ায় বাজারব্যবস্থার এই সংকট তৈরি হয়েছে। তাঁর ভাষায়, একই সমস্যা নিয়ে বারবার আলোচনা হলেও কার্যকর সমাধানের উদ্যোগ খুব একটা দেখা যায় না। তিনি বলেন, কৃষিপণ্যের দাম কমানোর আলোচনা করতে গিয়ে অনেক সময় কৃষকের স্বার্থ উপেক্ষিত হয়। অথচ কৃষক ন্যায্যমূল্য না পেলে উৎপাদনব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হবে। তাই ভোক্তার জন্য কম দামের পাশাপাশি কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করাও জরুরি। তাঁর মতে, মুনাফাকেন্দ্রিক চিন্তা থেকে বেরিয়ে রাষ্ট্র ও সমাজকে কল্যাণমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে।
চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির কৃষক আব্দুল হালিম মূলত মৌসুমি সবজি চাষ করেন। চলতি শীতকালীন মৌসুমে তিনি শসা ও ধনিয়া চাষ করছেন। এসব ফসলের মৌসুম শেষ হলে জানুয়ারির দিকে করলা চাষ শুরু করবেন। আব্দুল হালিমের মতে, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হলে প্রথমেই উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে বাজারমূল্য নির্ধারণের কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, গত ছয়-সাত বছর ধরে কৃষির সঙ্গে যুক্ত থেকে তাঁর পর্যবেক্ষণ, কৃষি খাতের বড় সমস্যাগুলোর একটি হলো কৃষিপণ্যের বাজারমূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণে কার্যকর সরকারি ব্যবস্থার অভাব। তিনি বলেন, ভোজ্যতেল, মসুর ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে সরকার মূল্য নির্ধারণ বা নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়। কিন্তু শাকসবজির বাজার মূলত আড়তনির্ভর। এখানে কার্যকর সরকারি মূল্য নিয়ন্ত্রণব্যবস্থা না থাকায় কৃষিপণ্যের দাম নির্ধারণের বিষয়টি অনেকাংশে মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়ীদের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।
তাঁর ভাষায়, কৃষকের কাছ থেকে পণ্য কেনার পর ফড়িয়া ও ব্যাপারীরা নিজেদের মুনাফা যোগ করেন। আড়তদাররা কমিশন নেন, পাইকারি ব্যবসায়ীরা লাভ রাখেন, এরপর খুচরা বিক্রেতারাও তাঁদের মুনাফা যুক্ত করেন। এভাবে উৎপাদকের হাত থেকে ভোক্তার কাছে পৌঁছাতে পণ্য একাধিকবার হাতবদল হয়। প্রতিটি পর্যায়ে কেজিপ্রতি ১০-২০ টাকা বা তারও বেশি মূল্য যুক্ত হতে পারে। অথচ এতগুলো পর্যায় অতিক্রম করার পরও কৃষক তাঁর উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান না।
এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। বিশেষ করে কৃষক পর্যায়ে সংরক্ষণব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন এই কৃষক। আব্দুল হালিম বলেন, সবজির মতো পচনশীল পণ্য দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না। জমি থেকে সবজি সংগ্রহের পর এক-দুই দিনের মধ্যে অনেক পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। ফলে উৎপাদনকারীরা অনেক সময় বাজারে দাম পাঁচ-দশ টাকা কম থাকলেও দ্রুত পণ্য বিক্রি করে দিতে বাধ্য হন। কারণ, পণ্য নষ্ট হয়ে গেলে পুরো উৎপাদন খরচই লোকসানে পরিণত হতে পারে। এই দুর্বলতার সুযোগ নেন মধ্যবর্তী পর্যায়ের ব্যবসায়ীরা।
তাঁর মতে, কৃষকের কাছে সংরক্ষণের ব্যবস্থা থাকলে তিনি বাজারের পরিস্থিতি বুঝে পণ্য বিক্রির সিদ্ধান্ত নিতে পারতেন। দাম কম থাকলে সঙ্গে সঙ্গে বিক্রি করতে বাধ্য হতেন না। এতে বাজারে দর-কষাকষির সক্ষমতা বাড়ত এবং কৃষক তাঁর উৎপাদিত পণ্যের ভালো দাম পাওয়ার সুযোগ পেতেন।


