ব্যাংক ধসে লাখ লাখ গ্রাহকের টাকা আটকে গেল, অভিশংসনে ক্ষমতা হারালেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
প্যারাগুয়ের ইউনো ব্যাংকের সেবা মঙ্গলবার ভোরে হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর দেশটির লাখ লাখ মানুষের দৈনন্দিন জীবন থমকে গেছে। ব্যাংকটির প্রায় ২৯ লাখ গ্রাহক ছিল, যা দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, ব্যাংকটিতে আমানতকারীর সংখ্যা ছিল প্রায় ১৮ লাখ।
শনিবার পর্যন্ত কর্তৃপক্ষ জানিয়েছে, রাষ্ট্রীয় আমানত সুরক্ষা তহবিলের আওতায় প্রায় ১২ লাখ গ্রাহক অগ্রিম অর্থ পেয়েছেন। তবে এখনো অনেকেই তাদের টাকার অপেক্ষায় রয়েছেন। ব্যাংকের এটিএমগুলো বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ লেনদেনও ব্যাহত হচ্ছে দেশজুড়ে।
এই ব্যাংক ধসের জেরে শুক্রবার দেশটির সিনেট প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়াকে অভিশংসন করে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। পেনিয়ার বিরুদ্ধে ইউনো ব্যাংকের ধসের সঙ্গে জড়িত অভিযোগ উঠেছিল। তার স্থলাভিষিক্ত হিসেবে ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা শপথ নিয়েছেন।
পেনিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন। এই ঘটনা ক্ষমতাসীন কলোরাডো পার্টির ভেতরের ক্ষমতার দ্বন্দ্বকেও সামনে নিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে।
শুক্রবার রাজধানী আসুনসিওনে কংগ্রেস ভবনের বাইরে শত শত মানুষ বিক্ষোভে জড়ো হন। তারা শুধু নিজেদের টাকা তুলতে না পারার ক্ষোভই জানাননি, জবাবদিহির ব্যাপক অভাব নিয়েও প্রশ্ন তুলেছেন।
কংগ্রেস ভবন থেকে কয়েক ব্লক দূরে শহরের কেন্দ্রে একটি ক্যাফেতে কাজ করেন ২৮ বছর বয়সী বারিস্তা এলিজাবেথ গঞ্জালেস। তিনি বলেন, মানুষের আর কোনো আস্থা নেই। এর আগে এক গ্রাহক তার ক্যাফেতে এসে নগদে টাকা দিতে জোর দিয়েছিলেন, কারণ তিনি আর কোনো ব্যাংককে বিশ্বাস করেন না।
গঞ্জালেস বলেন, প্যারাগুয়ের মানুষ নিজেরাই যদি এখন আত্মবিশ্বাসী না হয়, তবে বিদেশি বিনিয়োগকারীরা আরও কম আত্মবিশ্বাসী হবেন। ব্যাংক ধসের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কংগ্রেস ভবনের কাছে বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করেছিলেন।
বিক্ষোভে অংশ নেওয়া ৭১ বছর বয়সী গৃহিণী এলোদিয়া সাভেরেদো বলেন, তিনি এসেছেন এ জন্য নয় যে বিষয়টি তাকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করেছে, বরং এ জন্য যে এটি গোটা প্যারাগুয়েকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি নিজের তৈরি হস্তশিল্প অনলাইনে বিক্রি করেন।
আসুনসিওন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পঞ্চম বর্ষের প্রাণরসায়ন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রকেন্দ্রের সভাপতি বাতারাম কাবায়েরো বলেন, তার সহপাঠীদের অনেকের টাকা আটকে গেছে, যা তাদের বাসভাড়া ও খাবারের মতো মৌলিক খরচের জন্য দরকার ছিল। তিনি বলেন, হয়তো টাকার অঙ্কটা খুব বেশি ছিল না, কিন্তু সেটা তাদের বাসভাড়ার টাকা, খাবারের টাকা ছিল।
কাবায়েরো বলেন, সহপাঠীদের এই অবস্থা শুনে কিছু করতে না পারাটা খুবই হতাশাজনক, কারণ তার নিজেরও সাহায্য করার মতো সামর্থ্য নেই।
ইউনো ব্যাংক ২০২১ সালে একটি ফিনটেক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে এবং ২০২৩ সালের নভেম্বর থেকে ব্যাংক হিসেবে কাজ শুরু করে। মোবাইল ফোনে অ্যাকাউন্ট খোলা, ক্যাশব্যাক সুবিধা ও চটকদার বিপণনের জোরে অল্প সময়েই এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়।
কাবায়েরোর ধারণা, অ্যাকাউন্ট জব্দ হওয়ার আগের দিনগুলোতে গ্রাহকদের সেখানে টাকা রাখতে বারবার বার্তা পাঠানো হচ্ছিল, যা এই সংকটের আগাম ইঙ্গিত দিচ্ছিল। তখন কী হতে যাচ্ছে, তা নিয়ে গুজবও ছড়িয়েছিল বলে তিনি জানান।
ব্যাংকটিতে বিপুল পরিমাণ সরকারি অর্থও জমা ছিল। দেশটির সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠান আইপিএসের ইউনোতে প্রায় ৩৫ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ ছিল, যা প্রতিষ্ঠানটির মোট পোর্টফোলিওর প্রায় ৯ শতাংশ। এত অল্পবয়সী একটি ব্যাংকে এত সরকারি অর্থ কীভাবে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী ম্যানুয়েল ফেরেইরা স্থানীয় সংবাদমাধ্যম এবিসি কালারকে বলেন, এই ধস ব্যাংকটির সম্পদ ব্যবস্থাপনা নিয়ে মৌলিক প্রশ্ন তুলেছে। তিনি বলেন, একটি সাধারণ ব্যাংকে শেয়ারহোল্ডাররা সম্পদের ছোট একটি অংশের অর্থ জোগান দেন, বাকিটা আসে গ্রাহকদের আমানত থেকে।
ফেরেইরা বলেন, বিপণন ও ছাড় গ্রাহক টানতে সাহায্য করে, কিন্তু তা স্থায়ী সম্পদ তৈরি করে না। একটি ব্যাংকের প্রধান সম্পদ হলো তার ঋণ পোর্টফোলিও, অর্থাৎ ঋণগ্রহীতাদের কাছ থেকে পাওনা অর্থ। কিন্তু ইউনোর ক্ষেত্রে সেই ঋণের অনেকটাই গিয়েছিল ব্যাংকের নিয়ন্ত্রক মালিক গোষ্ঠী গ্রুপো ভাসকেসের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোতে, যার মধ্যে মাত্র তিনটি কোম্পানিকে দেওয়া ঋণের পরিমাণ ছিল ১৪ কোটি ৬০ লাখ ডলার।
তিনি আরও বলেন, ইউনোর প্রতিশ্রুতিপত্রগুলোতে উভয় পক্ষে একই ব্যক্তিদের স্বাক্ষর ছিল বলে মনে হয়েছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের টাকা ফেরত ও দায়ীদের জবাবদিহি এখন প্যারাগুয়ের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।


