চ্যানেল ২৪-এর এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানির মামলার আবেদন
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ২৪’-এ অসত্য ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মানহানির মামলার আবেদন করেছেন এক বিচারক।
সোমবার (৯ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে লালমনিরহাটের সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলাম বাদী হয়ে মামলার আবেদন করেন। তিনি বর্তমানে আইন ও বিচার বিভাগে সংযুক্ত রয়েছেন।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন। বাদীর আইনজীবী আজিজুর রহমান দুলু বিষয়টি নিশ্চিত করেন।
মামলার আসামিরা হলেন—চ্যানেল ২৪-এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, ‘সার্চলাইট’ প্রোগ্রামের সম্পাদক ফয়সাল আলম, নির্বাহী পরিচালক জহিরুল আলম, হেড অব মাল্টিমিডিয়া রাজিব খান, অ্যাসাইনমেন্ট সম্পাদক মাকসুদ উন নবী, সিনিয়র নিউজ এডিটর তুহিন কাইয়ুম এবং নিউজ রিপোর্টার জাহিদ হোসেন।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, গত ৯ অক্টোবর চ্যানেল ২৪-এর নিয়মিত সংবাদ ও রাত ৯টার অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘সার্চলাইট’-এ ‘মামলা আছে, নেই বাদী-সাক্ষীর খোঁজ : বিচারককে ঘিরে অনুসন্ধানে চাঞ্চল্য’ শীর্ষক একটি প্রতিবেদন প্রচার করা হয়।
অভিযোগে বলা হয়, সেই প্রতিবেদনে বাদী আরিফুল ইসলামের বক্তব্য অসৎ উদ্দেশ্যে বিকৃত ও কেটে ছেঁটে প্রচার করা হয়েছে।
পরবর্তী সময়ে ১৫ অক্টোবর আইন ও বিচার বিভাগ থেকে মো. আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হলে চ্যানেল ২৪ পুনরায় সংবাদ প্রকাশ করে দাবি করে যে, তাদের প্রতিবেদন প্রচারের পরই ওই বিচারককে বরখাস্ত করা হয়েছে।
তবে বাদী জানান, শরীয়তপুরের সাবেক জেলা ও দায়রা জজ মো. সোলায়মানের একটি অভিযোগের ভিত্তিতে এবং জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা ২০১৭ অনুযায়ী ‘অদক্ষতা’ ও ‘অসদাচরণ’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় এবং তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। মো. সোলায়মান বর্তমানে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।
বাদীর ভাষ্য অনুযায়ী, চ্যানেল ২৪-এর সংবাদের কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে—এমন প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মানহানিকর।
বাদী তার বক্তব্য বিকৃত করার প্রমাণ হিসেবে একটি পেনড্রাইভ আদালতে জমা দিয়েছেন। একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে তাদের নামে সমন জারির আবেদন জানানো হয়েছে।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করার পর আদেশ অপেক্ষমাণ রেখেছেন; আদালতের আদেশের অপেক্ষায় রয়েছে মামলাটি।

