এনআইডি সেবা সহজ করতে অংশীজনের মতামত নেবে নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সহজ করতে অংশীজনের মতামত নেবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৯ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, আগামী ১৮ নভেম্বর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে দিনব্যাপী 'জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম-বর্তমান ও উত্তরণ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ কমিশনের অন্য সদস্য ও ইসির কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
কর্মশালায় অংশ নিতে ইতোমধ্যে শিক্ষক, সমাজকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধিসহ সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তি ও গণমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়েছে।
জানা গেছে, এনআইডি সংশোধনের জন্য স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি) অনুযায়ী ক, ক-১, খ, খ-১, গ ও ঘ—এই ছয় ক্যাটাগরিতে আবেদন নিষ্পত্তি করে থাকে ইসি।
এক্ষেত্রে আবেদনের জটিলতা অনুযায়ী ক থেকে ঘ পর্যন্ত ক্যাটাগরি নির্ধারিত হয়। আবেদন জমা পড়ার পর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ক্যাটাগরি নির্ধারণ করে থাকেন।
দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
ইসির তথ্যভাণ্ডারে থাকা এসব ভোটাররাই নানা সময় নানা সমস্যা সমাধানে এনআইডি সংশোধনের আবেদন করে থাকেন।
কর্মশালায় অংশীজনদের মতামতের ভিত্তিতে সেবা কার্যক্রমের বর্তমান অবস্থা পর্যালোচনা করে উত্তরণের পথ খোঁজা হবে বলে জানা গেছে।

