বাসে আগুন ও ককটেল হামলায় অস্থিতিশীলতার চেষ্টা করছে পতিত শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে বাসে আগুন ও বিভিন্ন স্থাপনায় ককটেল হামলার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে 'পতিত শক্তি'। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দুষ্কৃতকারী উল্লেখ করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহাউদ্দিন আহমদ।
সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিচে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা লক্ষ্য করছি, পতিত শক্তি এখানে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য মাঝেমধ্যে কিছু বাসে এবং কিছু স্থাপনায় আক্রমণ করছে। এটা পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নেবে, কঠোরভাবে দমন করবে।'
এসব হামলার সঙ্গে কারা জড়িত—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'যারাই করুক, এরা সবাই দুষ্কৃতকারী।'
সাংবাদিকেরা গত কয়েক দিনে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো সাধারণত রাতের বেলা ঘটে। এসব বিষয়ে থানায় থানায় তথ্য পৌঁছায়।
পল্লবী থানার ভেতরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
আগামীকাল ১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ কর্মসূচি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারা ধর্মঘটের ডাক দিয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কথা বললে তিনি বিষয়টি খতিয়ে দেখার কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে এবং এসব হামলা কঠোরভাবে দমন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

