পাসপোর্ট-এনআইডির আবেদন নিয়ে শেখ হাসিনাকে রিজভীর প্রশ্ন: কোন লজ্জায় বিদেশিদের কাছে ধর্না

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন কেন—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ।
সোমবার জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শেখ হাসিনা ভুল করেছেন, কিন্তু তাঁর মধ্যে কোনো অনুশোচনা নেই। তিনি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করছেন কোন লজ্জায়? তিনি কি মনে করেছেন, দেশে ফিরে আবার ফ্যাসিবাদ কায়েম করবেন আর দেশের মানুষ বসে বসে তা দেখবে?
তিনি বলেন, শেখ হাসিনা বিদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করছেন, যাতে দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে থাকা দণ্ড কার্যকর না হয়। প্রশ্ন হলো, আপনি এত কথা বলতেন, এখন কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন?
রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাঁকে কারাগারে বন্দি রাখা হয়েছিল। তখন আইনমন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা বলতেন, আদালত তার নিজস্ব গতিতে চলে, আইন তার নিজস্ব গতিতে চলে। এখন শেখ হাসিনার ক্ষেত্রেও আইন ও আদালত নিজস্ব গতিতে চলবে।
তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চান। কিন্তু তাঁকে সংবর্ধনা জানাবে কে? আবু সাঈদের মা, মুগ্ধের বাবা, নাকি আহনাফের স্বজনেরা? যাঁদের সন্তানদের হত্যা করা হয়েছে, যাঁরা গুলিতে প্রাণ হারিয়েছেন, সেই শহীদ পরিবারের সদস্যরা কি তাঁকে সংবর্ধনা জানাবেন?
তিনি বলেন, এত তরুণ, শিশু, রিকশাচালক ও শ্রমিক জীবন দিয়েছেন। তাঁদের রক্তের দাগ এখনো মুছে যায়নি। সেই আত্মত্যাগ ভুলে গিয়ে শেখ হাসিনা দেশে ফিরে আবার ফ্যাসিবাদ চালু করবেন, আর দেশের মানুষ তা বসে বসে দেখবে, এমনটা তিনি ভাবলে ভুল করবেন।
৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল। রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়, সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়। মাত্র চারটি সংবাদপত্র রেখে অন্য সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। মানুষের কথা বলা ও মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল।
তিনি বলেন, স্বাধীনতাযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র। পাকিস্তানিরা সংখ্যাগরিষ্ঠ দলের হাতে ক্ষমতা দিতে চায়নি বলেই এ দেশের মানুষ মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। অথচ স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছিল, তারাও জনগণের ওপর নির্যাতন চালিয়েছে। রক্ষীবাহিনীর অত্যাচার ও নিপীড়নের ঘটনাও ছিল ভয়াবহ।
তিনি বলেন, ৭ নভেম্বরের গণজাগরণের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতীয় রাজনীতির ক্ষমতার কেন্দ্রে আসেন। ৩ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল বলে উল্লেখ করেন রিজভী।

