কাশবনে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ: ফরিদপুরে আটজনের আমৃত্যু কারাদণ্ড
ফরিদপুর সদর উপজেলায় কাশবনে এক তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ ও ফোনে ভিডিও ধারণের মামলায় আট আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কঠোর পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. শাহীন শেখ (২৭), জয় শেখ (৩০), রহিম মোল্লা (২৯), মনির শেখ (৩১), হৃদয় খা (২৬), ইলিয়াস শিকদার (৩৩), মোস্তাক শেখ (৩২) এবং রিয়াজ শিকদার। তাদের সবার বাড়ি ফরিদপুর কোতোয়ালি থানা এলাকায়।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় সংলগ্ন পালডাঙ্গী চরের কাশবনে এক তরুণীকে আটকে রাখেন আসামিরা।
সেখানে তাকে দলবদ্ধভাবে ধর্ষণের পাশাপাশি মোবাইল ফোনে ২৩ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করা হয়। ঘটনার পর আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
পরে ওই ভিডিও ক্লিপ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে পৌঁছালে তৎপরতা শুরু হয়।
এর ধারাবাহিকতায় ২০২০ সালের ৬ আগস্ট বিশেষ অভিযান চালিয়ে মূল আসামি শাহীন শেখকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় ডিবি পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
শাহীনের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ বাকি আসামিদের শনাক্ত করে এবং তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত এ রায় দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, এ রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।
চরের ভেতরে এ ধরনের জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে অপরাধ প্রবণতা কমাতে বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।

