সাজেকে বাড়িতে ঢুকে গুলি, গৃহবধূ আহত

রাঙামাটির সাজেকে দুর্বৃত্তের হামলায় অরুনা চাকমা (৩০) নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়েছেন।
গত রোববার রাত ৯টার দিকে সাজেকের দুর্গম শুকনাছড়ি এলাকায় নিজ বাড়িতে ঢুকে গুলি করে পালিয়ে যায় সশস্ত্র একদল দুর্বৃত্ত। তিনি ওই এলাকার ইন্টন চাকমার স্ত্রী।
স্থানীয়রা জানান, রোববার রাতে সশস্ত্র একদল দুর্বৃত্ত বাসায় ঢুকে অরুনা চাকমাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে দীঘিনালা সেনা জোনে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা বলেন, আহত নারীর উরুতে গুলি লেগেছে। তবে এখন তিনি আশঙ্কামুক্ত।
এ বিষয়ে জানতে পুলিশের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

