শান্তিরক্ষায় নারীদের ভূমিকা দেখতে বিপসট পরিদর্শন করলেন এডিনবরার ডাচেস সোফি

ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান এবং নারী শান্তিরক্ষীদের ভূমিকা সরেজমিনে দেখতেই তাঁর এই সফর।
পরিদর্শনকালে তিনি বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শান্তিরক্ষা কার্যক্রমে তাঁদের অবদান সম্পর্কে জানেন।
বিশ্বের অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ বাংলাদেশ। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক সদস্য পাঠিয়ে আসছে দেশটি।
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী সদস্যরাও ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মাঠপর্যায়ের দায়িত্ব থেকে শুরু করে নেতৃত্বের বিভিন্ন স্তরে তাঁদের উপস্থিতি বাড়ছে।
বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারী শান্তিরক্ষীদের এই অবদান তুলে ধরতেই এ সফর করেন এডিনবরার ডাচেস সোফি।
সোফি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী।
তিনি সোমবার তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

