নলছিটিতে হাতকড়াসহ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে নলছিটি থানায় মামলাটি করে।
মামলায় ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৭০ থেকে ৮০ জনকে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তার নামে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
এ সময় তার স্বজন ও স্থানীয় কয়েকজন পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নিয়ে যান।
এ ঘটনার পরপরই এলাকায় অভিযান শুরু করে পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাকিব মৃধা (২৫), রুবেল মৃধা (৩০), মিল্টন হাওলাদার (২০), সেলিনা বেগম (৫৫), সোহেল হাওলাদার (২৭), রাশেদ মৃধা (৩০) ও শহিদুল ইসলাম (২৮)।
ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ছিনিয়ে নেওয়া আসামি সিরাজুল ইসলামসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


