ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার
রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির মূল ফটকের সামনে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে ধানমন্ডি সিটি কলেজের পাশ থেকেও আরও দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে চারটি ককটেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে বাড়ির মূল ফটকের সামনে ককটেল দুটি ও জয় বাংলা, প্রজন্ম-৭১ লেখা একটি কাগজ দেখতে পান সংবাদকর্মীরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখে পুলিশ।
এদিকে, একই সময়ে ধানমন্ডি সিটি কলেজের পাশেও দুটি ককটেল পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
বেলা ১২টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল ধানমন্ডি-৩২ নম্বরে পৌঁছায়। পরে সিটি কলেজের পাশ থেকে ককটেল দুটি উদ্ধার করে বেলা ১২টা ৫০ মিনিটের দিকে নিয়ে যায় দলটি।
ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব। তিনি বলেন, ককটেল উদ্ধার হয়েছে।
ধানমন্ডি-৩২ নম্বরে ককটেলের সঙ্গে পাওয়া কাগজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওটা চিঠি না। একটা কাগজ পেয়েছি। সেখানে লেখা, জয় বাংলা। প্রজন্ম-৭১।
বোম্ব ডিসপোজাল ইউনিটের এক কর্মকর্তা বলেন, ধানমন্ডি-৩২ নম্বরে আমাদের একটি টিম গেছে। সেখান থেকে সিটি কলেজে যাবে। তবে উদ্ধার করা ককটেলগুলোর উৎস ও এ ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


