খুলনায় ডেঙ্গুর প্রকোপ কমেছে, একদিনে আক্রান্ত ৪৬ জন
খুলনা মহানগরীতে ডেঙ্গুর সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমেছে। গত রোববার মহানগরীর সব হাসপাতাল ও ক্লিনিকের তথ্যে মাত্র ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য পাওয়া গেছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
গত রোববার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে খুলনা সিটি করপোরেশনের আন্তঃবিভাগীয় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
সভায় নগরীর ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা, ড্রেনের পলিমাটি উত্তোলন কাজের অগ্রগতি, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার জন্য পরিচালিত উচ্ছেদ অভিযানের সাফল্য ধরে রাখার লক্ষ্যে করণীয় নির্ধারণ এবং বৃক্ষরোপণ কার্যক্রমের আওতায় রোপণ করা গাছের পরিচর্যায় টিম গঠনের বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনান্তে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, ডেঙ্গু সংক্রমণের হার বর্তমানে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। মহানগরীর সব হাসপাতাল ও ক্লিনিকের তথ্য-উপাত্ত তুলে ধরে জানানো হয়, গত রোববার মাত্র ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য পাওয়া গেছে।
চলতি মাসে পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত রাখলে সংক্রমণ বন্ধ হবে বলে সভায় উল্লেখ করা হয়। পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে নগরীর ওয়ার্ডগুলোতে খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৃক্ষরোপণ কার্যক্রমের আওতায় রোপণ করা গাছের পরিচর্যায় টিম গঠনসহ বিদ্যমান উন্মুক্ত জমিতে প্রয়োজনমতো বৃক্ষরোপণ ও পরিচর্যার জন্য অতিরিক্ত জনবল নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ছাড়া অবাধে বিচরণ করা গরু আটক করার জন্য দুই শিফটে চারজন এবং বেওয়ারিশ কুকুরকে টিকা প্রদান ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আরও একটি টিম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শেষ মাসে ওয়ার্ডের আয়তন ও জনসংখ্যার ওপর ভিত্তি করে অতিরিক্ত তিন থেকে সাতজন স্প্রেম্যান নিয়োগ এবং প্রধান প্রধান সড়কগুলোর বর্জ্য তাৎক্ষণিকভাবে অপসারণের জন্য বর্জ্য সংগ্রহকারী নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় প্রশাসক ড্রেনের পলিমাটি উত্তোলন কার্যক্রম আগামী ১০ দিনের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। আসন্ন শীত মৌসুমে সব ওয়ার্ডে অবশিষ্ট ড্রেনের পলিমাটি একযোগে উত্তোলনের জন্য ড্রেনগুলোর তালিকা প্রস্তুত করার জন্য ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামানসহ সব বিভাগ ও শাখাপ্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

