…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

স্বর্ণালংকারের লোভে ইনজেকশন দিয়ে হত্যা, সীমান্ত থেকে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

যশোরের মনিরামপুরে মুক্তেশ্বরী নদী থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি ও তাঁকে ভারতে পালাতে সহায়তাকারী সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (৯ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের মনিরামপুরের মহিষদিয়া মধ্যপাড়ার মিঠুন ধর (৩২) এবং সাতক্ষীরার কলারোয়া থানার দক্ষিণ ভাদিয়ালীর মো. হান্নান গাজী (৬৪)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ নভেম্বর মনিরামপুর থানার মহিষদিয়া হেলারের ঘাট ব্রিজের পাশে মুক্তেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে যশোর সিআইডির কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে গিয়ে ছায়াতদন্ত শুরু করে।

পরে নিহতের স্বজন ও স্থানীয়দের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। নিহতের নাম রঞ্জন মণ্ডল (৬০)। তিনি যশোরের কেশবপুর থানার কালিচরণপুর এলাকার মৃত হরিপদ মণ্ডলের ছেলে।

প্রাথমিক তদন্তে জানা যায়, গত ৬ নভেম্বর দুপুর ১২টার পর রঞ্জন মণ্ডল কাটাখালী বাজারে স্থানীয় পল্লী চিকিৎসক মিঠুন ধরের চেম্বারে যান। ওই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে তাঁকে সর্বশেষ কাঁচারিবাড়ি বাজারে দেখা যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

সিআইডির প্রাথমিক তদন্তে মিঠুন ধরকে হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়। নিহতের স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী আত্মসাতের উদ্দেশ্যে মিঠুন তাঁকে ইনজেকশন পুশ করে হত্যা করেন বলে তদন্তে উঠে এসেছে। পরে মরদেহ বস্তায় ভরে মুক্তেশ্বরী নদীতে ফেলে দেন তিনি।

এরপর হান্নান গাজীর সহায়তায় সাতক্ষীরার কলারোয়া থানার ভাদিয়ালী সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন তিনি।

এ অবস্থায় যশোর সিআইডির কুইক রেসপন্স টিম কলারোয়া থানা পুলিশের সহযোগিতায় ভাদিয়ালী গ্রামে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার মিঠুন ধরের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ি ও ঘটনাস্থলের আশপাশে অভিযান চালিয়ে নিহতের ব্যবহৃত স্বর্ণের চেইন, স্বর্ণের আংটি, স্মার্টফোন এবং মরদেহ বহনে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ছাড়া কাটাখালী বাজারে মিঠুনের দোকান থেকে নিহতকে ইনজেকশন দেওয়ার কাজে ব্যবহৃত খালি অ্যাম্পুল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় রোববার (৮ নভেম্বর) নিহতের ভাতিজা দেবাশীষ মণ্ডল (৩৮) বাদী হয়ে মনিরামপুর থানায় মামলা করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে একই দিন আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন, থমথমে গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লগি-বৈঠা মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া…

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার
আইন ও অপরাধ

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির মূল ফটকের সামনে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে ধানমন্ডি সিটি কলেজের পাশ থে…

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি
আইন ও অপরাধ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশ না করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকের…

আইন ও অপরাধ

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অভিযোগ

গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দুপুরের খাবারের অজুহাতে দীর্ঘ সময় সেবা কার্যক্রম বন্ধ রাখা এবং উপপরিচা…