অপরাধ দমনে বাংলাদেশ-সিঙ্গাপুর পুলিশের সহযোগিতা জোরদারের আলোচনা
বাংলাদেশ পুলিশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা ও অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাতে এ আলোচনা হয়।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মো. আলী হোসেন ফকির, বিপিএমের সঙ্গে বাংলাদেশে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং সাক্ষাৎ করেন।
সৌহার্দ্য ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের পুলিশের মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আন্তঃদেশীয় অপরাধ ও অর্থপাচার রোধে যৌথ তদন্তের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি ট্র্যাকিং ও সাইবার অপরাধ দমনে সিঙ্গাপুরের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে আধুনিক ইন্টেলিজেন্স-লেড অপারেশন, ক্রাইসিস ম্যানেজমেন্ট সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় এবং সন্ত্রাসী অর্থায়ন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপরাধ রুখতে যৌথ গোয়েন্দা নজরদারি জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
আইজিপি অপরাধ দমনে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ ব্যক্ত করেন।
এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

