নারী ফুটবল দলের দায়িত্ব নিলেন এরিক মারে: বাটলারের পথেই হাঁটবেন, দায়ও নিজের
ডাগআউটের চেনা মুখ পিটার বাটলার লড়ছেন ক্যান্সারের মতো মরণব্যাধির সঙ্গে। তাঁর কঠিন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দলের দায়িত্ব নিতে সোমবার ঢাকায় এসেছেন ফরাসি কোচ এরিক মারে।
এদিন বাফুফে ভবনে চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। প্রথম দিনেই জানিয়ে দিয়েছেন, স্বল্প সময়ের এই মিশনে আপাতত বাটলারের দেখানো পথেই হাঁটবেন।
তবে মাঠে দল ব্যর্থ হলে পূর্বসূরির দিকে আঙুল না তুলে সব দায় নিজের কাঁধেই নেবেন নতুন এই কোচ।
আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। হাতে সময় মাত্র ১০ দিনের মতো। এত অল্প সময়ে দলে বড় কোনো পরিবর্তন আনতে চান না মারে।
নিজের ফুটবল দর্শন তুলে ধরে তিনি বলেন, শুরুতেই সবকিছু বদলে ফেলা যায় না। গত দুই বছর ধরে মেয়েরা পিটারের কৌশলে খেলে আসছে। আমি সেটাই চালিয়ে যাব। তবে এর মধ্যে নিজেদের মতো করে কিছুটা মানিয়ে নেওয়ার চেষ্টা করব।
বাটলারের কৌশল ধরে রেখেও সিঙ্গাপুরের বিপক্ষে প্রত্যাশিত ফল না এলে দায় কার হবে—এমন প্রশ্নের জবাবে বিন্দুমাত্র দ্বিধা করেননি মারে। তিনি বলেন, আমি সম্পূর্ণ দায়ভার নেব। আমি মাঠে থাকব, কোচিং স্টাফদের সঙ্গে নিয়ে সমাধান খোঁজার চেষ্টা করব। তাই দায়টাও আমারই থাকবে।
বর্তমানে কেইপিজেড ক্যাম্পে রয়েছেন ৪১ জন নারী ফুটবলার। শুধু ল্যাপটপের পর্দায় ভিডিও দেখে কিংবা কাগজে-কলমের তথ্যের ওপর নির্ভর করতে চান না মারে। আজ রাতেই মেয়েদের অনুশীলনে গিয়ে সরাসরি তাঁদের পারফরম্যান্স দেখতে চান তিনি।
মারে বলেন, গত পাঁচ দিন ধরে মেয়েদের তথ্য ও ভিডিও দেখেছি। তবে তথ্য বা ভিডিও এক জিনিস, আর মাঠের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আমি নিজের চোখে মাঠে মেয়েদের দেখতে চাই। বর্তমান কোচিং স্টাফদের কাছে এমন অনেক তথ্য আছে, যা আমার জানা নেই। তাই তাঁদের সঙ্গে সমন্বয় করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।
টানা কয়েক দিন খেলোয়াড়দের পর্যবেক্ষণের পর ৪১ জনের দল থেকে সিঙ্গাপুর সফরের জন্য চূড়ান্ত ২৩ জন বেছে নেবেন তিনি।
বাফুফের সঙ্গে আপাতত স্বল্পমেয়াদি চুক্তিতে এসেছেন মারে। ভবিষ্যতে দীর্ঘ মেয়াদে দলের দায়িত্ব নেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নে পিটার বাটলারের প্রতি পূর্ণ সম্মান দেখান তিনি।
মারে বলেন, যিনি বর্তমানে দলের কোচ হিসেবে আছেন, তাঁকে আমাদের সম্মান জানাতেই হবে। এসব নিয়ে কথা বলার জন্য এখন সঠিক সময় নয়। বাফুফে যোগাযোগ করায় আমি কেবল একটি মিশন নিয়ে এখানে এসেছি। আশা করছি, মেয়েদের নিয়ে আমরা সফল হব।
আপাতত মারের পুরো মনোযোগ সিঙ্গাপুর মিশনে। বাটলারের রেখে যাওয়া দলকে কত দ্রুত গুছিয়ে নিতে পারেন নতুন কোচ, সেটিই এখন দেখার অপেক্ষা।


