তিন-চার বছরেই ভারতকে ছাড়িয়ে যেতে পারবে বাংলাদেশ, বললেন ধারাভাষ্যকার মেসফিল্ড

সাফ চ্যাম্পিয়নশিপে ধারাভাষ্য দিতে ঢাকায় আসা সাবেক ইংলিশ ফুটবলার পল মেসফিল্ড মনে করেন, ঠিকঠাক কাজ করতে পারলে আগামী তিন-চার বছরের মধ্যে বাংলাদেশ ভারতের চেয়ে ভালো জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। গতকাল জাতীয় স্টেডিয়ামে সাফ ও বাংলাদেশ ফুটবল নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মত দেন।
মেসফিল্ড ইংলিশ কিংবদন্তি অ্যালান শিয়ারারের সঙ্গে খেলেছেন। সাবেক এই ফুটবলার এখন এশীয় ফুটবলের পরিচিত ধারাভাষ্যকার। সাক্ষাৎকারটি নিয়েছেন আনোয়ার সোহাগ।
তিনি বলেন, সাফ টুর্নামেন্টটি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে হতাশাজনক হারের পর পাকিস্তান দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, শেষ গ্রুপ ম্যাচে ভারতের বিপক্ষে মালদ্বীপ এমন কিছু করতে পারে কি না।
বাংলাদেশ সম্পর্কে তিনি বলেন, দলটি তাদের ম্যাচে জয় পেলেও অনেকের প্রত্যাশা অনুযায়ী অতটা নিখুঁত ছিল না। তবে তাদের সামনে এগিয়ে যাওয়ার এবং উন্নতির অনেক জায়গা রয়েছে। শ্রীলঙ্কা যেভাবে দল গঠন করেছে, তাদের খেলাও দেখতে উন্মুখ হয়ে আছেন তিনি।
মেসফিল্ড বলেন, দলগুলো বেশ ভালো আক্রমণাত্মক ফুটবল খেলছে, যেটা ইতিবাচক। বাংলাদেশকে দেখে তার মনে হয়েছে, দলটি ইতিবাচক ফুটবল খেলার চেষ্টা করছে। তারা প্রগ্রেসিভ ও আক্রমণাত্মক হতে চাইছে এবং বল নিয়ে সামনে এগোতে চাইছে।
তবে যেকোনো নির্দিষ্ট খেলার ধাঁচে অভ্যস্ত হতে খেলোয়াড়দের কিছুটা সময় লাগে বলে মনে করেন তিনি। দলের মধ্যে হয়তো কিছুটা জড়তা বা উদ্বেগ কাজ করছে। খেলোয়াড়েরা ভুল করতে চান না, কোচের সুনজরে থেকে একাদশে জায়গা পেতে চান। এ কারণেই হয়তো বাইরে থেকে অনেকে বলে যে তাদের আরও ভালো খেলা উচিত।
হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি মাঠের চেয়ে মাঠের বাইরে দলের জন্য বিশাল এক প্রাপ্তি বলে মনে করেন মেসফিল্ড। তিনি বলেন, হামজা ড্রেসিংরুমে খেলোয়াড়দের সঙ্গে কথা বলে, মাঠে নেতৃত্ব দেয় এবং তার কারণে অন্য খেলোয়াড়েরাও নিজেদের খেলার মান বাড়ানোর চেষ্টা করছে। তবে পুরো প্রক্রিয়াটির জন্য সময় দিতে হবে এবং সমর্থকদের ধৈর্য ধরতে হবে।
গত এক বছরে এশিয়ান কাপ বাছাইপর্বসহ বাংলাদেশকে যেভাবে দেখেছেন, তাতে মেসফিল্ডের মতে দলটি সঠিক পথেই এগোচ্ছে। হামজার মাঠের খেলা, সতীর্থদের সঙ্গে কথা বলা, দিকনির্দেশনা দেওয়া, বল পাসিং কিংবা খেলা নিয়ন্ত্রণের ধরন দেখলেই তার প্রভাবটা বোঝা যায় বলে জানান তিনি।
মেসফিল্ড বলেন, উঁচু মানের ফুটবলারদের সঙ্গে খেললে অন্যরাও দ্রুত শেখে এবং নিজেরাও উন্নত খেলোয়াড়ে পরিণত হয়। সাধারণ ১০ গজের একটি পাস যে কেউ দিতে পারে, কিন্তু বলটি ঠিকঠাক জায়গায় দেওয়া হচ্ছে কি না, যাতে সতীর্থ খেলোয়াড় দৌড়ের গতি না থামিয়েই বলটি নিয়ন্ত্রণে নিতে পারে, সেটাই পার্থক্য গড়ে দেয়। হামজা বল সব সময় এক গজ সামনে বাড়াবে, যাতে সতীর্থ দৌড়ে এসে বলে পৌঁছান। অনুশীলনে হামজার উপস্থিতিই সতীর্থদের এই মান ও মানদণ্ড শিখিয়ে দেবে।
হামজার মতো বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার এখন জাতীয় দলে খেলছেন। দীর্ঘ মেয়াদে বাইরে থেকে প্রতিভার ওপর নির্ভর করা উচিত কি না, এই প্রশ্নকে মেসফিল্ড মিলিয়ন ডলার প্রশ্ন বলে অভিহিত করেন। তিনি বলেন, ইন্দোনেশিয়াসহ অনেক দেশই এখন এটি করছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও ইন্দোনেশিয়া দলের বিদেশি বংশোদ্ভূত প্রতিভাদের দেখা গেছে। তবে সেটা তাদের ফেডারেশনের পূর্বপরিকল্পনা ও শিকড় চিহ্নিত করার ফল।
তিনি বলেন, যত দিন সম্ভব সর্বোচ্চ মানে খেলা উচিত। নিজে যদি ইংলিশ হন আর তার দাদা-দাদি যদি বাংলাদেশি হতেন এবং সুযোগ থাকত, তবে দেশ অনুমতি দিলে তিনি নিশ্চিতভাবেই বাংলাদেশের হয়ে খেলতেন। এতে কোনো ভুল নেই, কারণ এটি শিকড়ের বিষয়।
বাংলাদেশের ঘরোয়া লিগ ভালো হলেও তা পর্তুগাল, স্পেন, জার্মানি বা ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগেরও সমমানের নয় বলে মনে করেন মেসফিল্ড। ইউরোপীয় ফুটবলের মান ও পেশাদারত্ব অনেক এগিয়ে। সেখান থেকে খেলোয়াড়েরা এসে এশিয়ান ফুটবলের মান বাড়াতে ভূমিকা রাখছে।
স্থানীয় খেলোয়াড়দের মধ্যে জায়গা হারানোর ভয় নিয়ে তিনি বলেন, কেউ যদি আপনার পেশাগত জায়গা নিতে চায়, তবে আপনি আরও বেশি চেষ্টা করবেন। ফলে স্থানীয় খেলোয়াড়দের বাধ্য হয়েই পারফরম্যান্সের মান বাড়াতে হবে, নয়তো তারা জায়গা হারাবে। ফেডারেশনের উচিত খেলোয়াড়দের বুঝিয়ে বলা যে যোগ্য খেলোয়াড়দের নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।
মেসফিল্ড বলেন, দিনশেষে মেনে নিতে হবে যে ওই খেলোয়াড় আপনার চেয়ে ভালো। বাংলাদেশ সাফ জিতুক, এশিয়ান কাপ জিতুক, বিশ্বকাপে যাক, এটাই কি সবাই চায় না? গড়পড়তা স্থানীয়দের দিয়ে সেই সাফল্য আসবে না। বাইরের খেলোয়াড়েরা এলে স্থানীয়দের কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে এবং এটি শতভাগ নিশ্চিতভাবেই বাংলাদেশের ফুটবলের মান বাড়াবে।
ভারত-বাংলাদেশ দ্বৈরথ নিয়ে তিনি বলেন, সেমিফাইনাল বা ফাইনালে দেখা হলে বিষয়টি স্পষ্ট বোঝা যাবে। ভারত সব সময়ই এই অঞ্চলের পরাশক্তি; তারা আট-নয়বার সাফ জিতেছে, যেখানে বাংলাদেশ ২০০৩ সালে মাত্র একবার ট্রফি পেয়েছিল। ফুটবলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকা জরুরি।
তিনি বলেন, ফিফা যেভাবে টুর্নামেন্ট সম্প্রসারণের কথা ভাবছে, ভবিষ্যতে হয়তো এ ধরনের আঞ্চলিক টুর্নামেন্ট থেকেই দলগুলোর বিশ্বকাপে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। বড় দলগুলোর সঙ্গে ব্যবধান কমাতে এবং একপর্যায়ে তাদের ছাড়িয়ে যেতে হলে প্রতিনিয়ত উন্নতি ঘটাতে হবে। তরুণ প্রতিভা তুলে আনতে হবে এবং দর্শকদের গ্যালারিতে টানতে হবে। আর এগুলো ঠিকমতো করতে পারলে, আগামী তিন-চার বছরের মধ্যে বাংলাদেশ ভারতের চেয়ে ভালো জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।
এদিকে ঘরের মাঠে সাফ জিতে ২৩ বছরের শিরোপাখরা ঘোচাতে চান বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। গতকাল বিকেলে গোপীবাগের ব্রাদার্স ক্লাবের আঙিনায় তিনি তার ব্যক্তিগত ও দলীয় স্বপ্ন-লক্ষ্যের কথা তুলে ধরেন। আর সাফের আগে দলকে নিয়ে নানা পরিকল্পনা করছেন বাংলাদেশ কোচ টমাস ডুলি।

