…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

সাফে মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে সেমির আশা বাঁচাল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
সাফে মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে সেমির আশা বাঁচাল পাকিস্তান
ছবি: সংগৃহীত

ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধের ঝড়েই মালদ্বীপকে পুরোপুরি এলোমেলো করে দিল পাকিস্তান। ৩-০ গোলের দাপুটে জয়ে সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল দলটি। ভারতের কাছে প্রথম ম্যাচে হেরে খাদের কিনারায় চলে গিয়েছিল পাকিস্তান; সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে মালদ্বীপের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না তাদের সামনে।

ম্যাচের শুরু থেকেই মালদ্বীপের রক্ষণে আক্রমণের পসরা সাজিয়ে বসে পাকিস্তান। তাদের এই আগ্রাসী ফুটবলের সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে দ্বীপ দেশটির ফুটবলাররা। ঘড়ির কাঁটায় তখন মাত্র দুই মিনিট পেরিয়েছে। নিজেদের ডি-বক্সে মিকাইল অরুণ আব্দুল্লাহকে ফাউল করে বসেন মালদ্বীপের ডিফেন্ডার মোহাম্মদ নাঈম। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে ভুল করেননি। স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করে চতুর্থ মিনিটেই পাকিস্তানকে আনন্দে ভাসান আব্দুল্লাহ।

সেই ধাক্কা সামলে ওঠার আগেই আবারও পিছিয়ে পড়ে মালদ্বীপ। নবম মিনিটে বক্সের প্রান্ত থেকে দুর্দান্ত এক শটে ব্যবধান দ্বিগুণ করেন নাজিব উল্লাহ।

দুই গোল খেয়ে খেই হারিয়ে ফেলা মালদ্বীপের রক্ষণভাগ এরপর আরও বড় ভুল করে বসে। ম্যাচের ২৪ মিনিটের মাথায় মালদ্বীপের অভিজ্ঞ ডিফেন্ডার আমদান আলীর এক ভুলের সুযোগ পুরোপুরি কাজে লাগান দারুণ ছন্দে থাকা নাজিব উল্লাহ। দূরপাল্লার এক চমৎকার কোনাকুনি শটে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি আদায় করে নেন তিনি। প্রথমার্ধেই তিন গোলের বিশাল লিড নিয়ে একরকম ম্যাচের ভাগ্য লিখে ফেলে পাকিস্তান।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া মালদ্বীপ এক ধাক্কায় তিনটি পরিবর্তন আনে। তারকা ফরোয়ার্ড আলী ফাসির, হুসাইন সিফাউ ও নিশাম রশিদকে নামিয়েও অবশ্য গোলের দেখা পায়নি তারা। ৫২ মিনিটে ফেদু ইব্বের একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়।

৬৬ মিনিটে মোহাম্মদ নাঈমের নেওয়া নিচু শটটি দারুণ দক্ষতায় রুখে দিয়ে নিজের জালের পবিত্রতা রক্ষা করেন পাকিস্তানের গোলরক্ষক ও অধিনায়ক ইউসুফ ইজাজ বাট। পরের মিনিটে মালদ্বীপ বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়।

উল্টো ৭১ মিনিটে বদলি হিসেবে নামা শায়ক দোস্ত সুযোগ কাজে লাগাতে পারলে পাকিস্তানের ব্যবধান আরও বাড়তে পারত। ভারতের বিপক্ষে ৩-২ গোলের আক্ষেপ মুছে এই জয়ে দুই ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের লড়াইয়ে ফিরেছে পাকিস্তান।

এই জয়ের নায়ক ১৯ বছর বয়সী নাজিব উল্লাহ। দুই ম্যাচে তিন গোল করে তিনি এখন সাফে পাকিস্তানের নতুন গোলমেশিন। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেও গোল করেছিলেন তিনি।

কোচ নলবার্তো সোলানোর শিষ্যরা প্রথম জয়ের দেখা পেল সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ। ভারতের বিপক্ষে হারের পর মালদ্বীপকে হারিয়ে তিন পয়েন্ট তুলেছে তারা।

গ্রুপপর্বের সমীকরণ এখন পাকিস্তানের অনুকূলে। গ্রুপপর্বের শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ভারতের জয় বা ড্রয়ে সেমিফাইনালে খেলবে পাকিস্তান।

অন্যদিকে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে থাকা মালদ্বীপ আগামী ১১ নভেম্বর তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী ভারতের।

খেলা বিভাগের আরও খবর

খেলা

রেকর্ড হাতছাড়া হলেও অখুশি নন মুশফিক, হৃদয়ের ইনিংসে বাড়ল আশা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিলেট টেস্টের আগে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ফরম্যাটটিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ছিল মুশফিকুর রহিমের। তাঁর ২১৯ রানে…

প্রথমবার বাংলাদেশে ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ, ১৫ নভেম্বর শুরু
খেলা

প্রথমবার বাংলাদেশে ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ, ১৫ নভেম্বর শুরু

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট 'ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড-এশিয়া কাপ ২০২…

৯ নভেম্বর ঢাকায় আসছেন হামজা-ফারহান, যোগ দেবেন সাফ ক্যাম্পে
খেলা

৯ নভেম্বর ঢাকায় আসছেন হামজা-ফারহান, যোগ দেবেন সাফ ক্যাম্পে

আগামী ৯ নভেম্বর ঢাকায় পৌঁছাবেন হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। বাংলাদেশ দলের সাফ ক্যাম্পে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আমিরুল…

খেলা

ফুটবল, সংগীত ও প্রযুক্তির মেলবন্ধনে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের জমকালো উদ্বোধন

ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রযুক্তি, ফুটবল ও সংগীতের সমন্বয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর উদ…