পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি: দিল্লির হাইকমিশন
নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি বলে জানিয়েছে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান বাংলানিউজকে বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি।
তিনি জানান, ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে একটি ই-মেইল পেয়েছে হাইকমিশন। সেই ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ এসেছে। তবে অনুরোধটি সত্যিই শেখ হাসিনার পক্ষ থেকে এসেছে কি না, তা বোঝার কোনো উপায় নেই বলে জানান তিনি।
ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা অথরাইজেশন সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না বলে জানান সাইদুর রহমান। তবে হাইকমিশন ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে।
সূত্র জানায়, যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠি পাঠিয়ে সাবেক প্রধানমন্ত্রীর জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানান।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে প্রকাশ পায়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থানকালে দেশে ফেরার লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য সোমবার দিল্লি মিশনে আইনজীবীর মাধ্যমে আনুষ্ঠানিক আবেদন পাঠিয়েছেন।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে আবেদনের বিষয়টিকে চরম হাস্যকর বলে আখ্যা দেন। তিনি বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।
হুমায়ুন কবির বলেন, আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন সাজাপ্রাপ্ত আসামি এবং চব্বিশের হত্যাযজ্ঞের মূল অভিযুক্ত কোনোভাবেই এ ধরনের নাগরিক সুবিধা পাওয়ার অধিকার রাখেন না।
তিনি আরও বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসতেই চান, তবে ভারতের সঙ্গে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির বাধ্যবাধকতা মেনেই তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে। ভারতের সঙ্গে স্বাক্ষরিত বন্দিবিনিময় চুক্তির কাঠামোর আওতায় অবিলম্বে তাঁকে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের বিষয়ে নয়াদিল্লিকে অত্যন্ত পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
শুধুমাত্র আর্থিক প্রাপ্তির স্বার্থে বিদেশের মাটিতে তাঁর পক্ষে লবিস্ট বা আইনি প্রতিষ্ঠানগুলো দায়িত্ব নিলে তাদের পেশাগত ও নৈতিক সততা কোথায় গিয়ে দাঁড়ায়, তা নিয়েও সংশয় প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আবেদনের বিষয়টিকে নিছক রাজনৈতিক স্টান্টবাজি বলে আখ্যায়িত করেন।
চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার সার্বিক বিষয়ে যাবতীয় তথ্য দেশবাসীর সামনে তুলে ধরতে মঙ্গলবার প্রসিকিউশনের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন আয়োজন করা হবে। তিনি বলেন, তাঁর যদি প্রকৃত সাহস থাকত, তবে পালিয়ে না থেকে দেশে ফিরে চব্বিশের জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের আইনি বিচার প্রক্রিয়ার মুখোমুখি হওয়া প্রয়োজন ছিল।
