মহেশখালী-মাতারবাড়ী ঘিরে ৬৫ বিলিয়ন ডলারের মহাপরিকল্পনা, তিন দশকে লাখো কর্মসংস্থান
কক্সবাজারের মহেশখালী ও মাতারবাড়ীকে কেন্দ্র করে দেশের অন্যতম বৃহৎ অর্থনৈতিক হাব গড়ে তুলতে সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ করেছে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা)। আগামী তিন দশকে এই অঞ্চলে দেশি-বিদেশি খাত থেকে প্রায় ৬০ থেকে ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ আকর্ষণের রূপরেখা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে অন্তত ৫ বিলিয়ন ডলার আসবে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) হিসেবে।
এই বিশাল উন্নয়ন রূপরেখা বাস্তবায়িত হলে প্রত্যক্ষভাবে দেড় লাখ এবং পরোক্ষভাবে আরও ২৫ লাখ মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি জাতীয় অর্থনীতিতে এ অঞ্চলের অবদান দাঁড়াবে প্রায় ১৫০ বিলিয়ন ডলার, লজিস্টিকস ব্যয় কমবে ৪ বিলিয়ন ডলার এবং বৈদেশিক মুদ্রার লেনদেনে প্রায় ১৬ থেকে ১৮ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব হবে।
সম্প্রতি রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় মিডার পক্ষ থেকে এই দীর্ঘমেয়াদি প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।
মিডার সদস্য ও অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসে অ্যান্ড কোম্পানির বিশদ সমীক্ষা ও গবেষণার আলোকেই এই সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, তিন ধাপে এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায় ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত, দ্বিতীয় পর্যায় ২০৩০ থেকে ২০৪০ সাল পর্যন্ত এবং শেষ বা তৃতীয় পর্যায় ২০৪০ থেকে ২০৫৬ সাল পর্যন্ত।
মহাপরিকল্পনার রূপরেখা অনুযায়ী, ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত প্রথম ধাপে গভীর সমুদ্রবন্দর, সংযোগ সড়ক, তৃতীয় ও চতুর্থ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, সৌরবিদ্যুৎ এবং ভাসমান ও স্থলভিত্তিক এলএনজি টার্মিনালের মতো মেগা অবকাঠামো গড়ে তোলা হবে।
প্রথম ধাপে ২ বিলিয়ন ডলারের অনশোর এলএনজি টার্মিনাল এবং ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পুরোদমে চালুর লক্ষ্য রয়েছে। একই সাথে প্রায় দেড় বিলিয়ন ডলারের বিদেশি পুঁজিতে জাহাজ মেরামত ও আধুনিক ড্রাইডক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
দ্বিতীয় ধাপে গড়ে তোলা হবে আধুনিক টাউনশিপ, সড়ক, বাঁধ, গ্যাস ও পানি সরবরাহ নেটওয়ার্ক এবং মাল্টিমোডাল পরিবহন সুবিধা। এই পর্বেই বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তত্ত্বাবধানে ১০ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত হবে বৃহৎ তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এবং ১৫০ মিলিয়ন ডলারে গড়ে উঠবে এলপিজি প্ল্যান্ট।
জ্বালানি খাতই হবে এই অর্থনৈতিক অঞ্চলের মূল চালিকাশক্তি। ১ হাজার ২০০ একর জায়গায় প্রস্তাবিত তেল শোধনাগারে দৈনিক দেড় থেকে দুই লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা থাকবে, যা ২০৩১ থেকে ২০৩৬ সালের মধ্যে বাস্তবায়িত হলে জ্বালানি পণ্যের আমদানি নির্ভরতা বহুলাংশে কমিয়ে আনবে।
এছাড়া অনশোর এলএনজি টার্মিনাল থেকে দৈনিক ১ হাজার এমএমসিএফডি এবং ভাসমান টার্মিনাল থেকে ৬০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহের ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি ইতোমধ্যে উৎপাদনে থাকা ১ হাজার ২০০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্রের সাথে আরও নতুন ইউনিট ও নবায়নযোগ্য জ্বালানি যুক্ত করে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২০৪০ সালে ৫ হাজার ৬৬০ মেগাওয়াট এবং ২০৫০ সালের মধ্যে ৬ হাজার ৬০ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
অন্যদিকে এসপিএম চালু হলে সাগরে বড় জাহাজ থেকে তেল খালাসের সময় ৯ দিন থেকে ৩ দিনে নেমে আসবে, যা বার্ষিক প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয় করবে।
আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে উঠছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, যেখানে ১৪ দশমিক ৫ মিটার গভীরতার ৮ হাজার টিইইউএস ধারণক্ষমতাসম্পন্ন বিশালাকার বাণিজ্যিক জাহাজ সরাসরি জেটিতে ভিড়তে পারবে। এই বন্দরকে জাতীয় মহাসড়কের সঙ্গে যুক্ত করতে গড়ে তোলা হচ্ছে ২৭ কিলোমিটার দীর্ঘ প্রবেশ সড়ক ও ১৪টি সেতু।
এছাড়া দ্রুত শিল্পায়নের উদ্দেশ্যে ১ হাজার ২৪০ একর জমিতে গড়ে ওঠা ঢলঘাটা অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন ২০৩০ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে, যার প্রায় ৫৭০ একর জমি ইতোমধ্যে তিনটি শিল্পগ্রুপের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে।
সর্বশেষ ধাপে পুরো অঞ্চলকে আন্তর্জাতিক মানের ভারী শিল্প উৎপাদন, বিশ্বমানের পর্যটন এবং বৈশ্বিক প্রদর্শনীর কেন্দ্রে রূপান্তর করা হবে।
তবে এই সুবিশাল মহাপরিকল্পনা বাস্তবায়নে ভূমি বরাদ্দ ও দ্রুত হস্তান্তর, গ্যাস সঞ্চালন অবকাঠামো নির্মাণ এবং নিয়মিত বন্দর চ্যানেল ড্রেজিং নিশ্চিত করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কর্তৃপক্ষ।


