কারিগরি ত্রুটি কাটিয়ে ফের চালু বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন
বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সলিউশনে (সিবিএস) অপ্রত্যাশিত কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার সকালে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ব্যবস্থার মাধ্যমে বড় অঙ্কের আন্তঃব্যাংক লেনদেন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে সকাল ১১টার মধ্যেই ত্রুটি সারিয়ে লেনদেন ফের চালু করা হয়েছে।
আরটিজিএস ব্যবস্থার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে বড় অঙ্কের অর্থ স্থানান্তর ও তহবিল লেনদেন সম্পন্ন হয়। তাই সকালের এই বিঘ্নে ব্যাংকগুলোর জরুরি বড় অঙ্কের লেনদেন ও ক্লিয়ারিং কার্যক্রমে জটিলতা তৈরি হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, সকালে সিস্টেমে আকস্মিক কারিগরি ত্রুটি দেখা দিলে বাংলাদেশ ব্যাংকের আইসিটি বিভাগ ও সংশ্লিষ্ট কারিগরি দল দ্রুত কাজ শুরু করে। তাদের তাৎক্ষণিক পদক্ষেপে সকাল ১১টার মধ্যেই সমস্যার সমাধান করা সম্ভব হয়। এরপর যথারীতি আবারও লেনদেন শুরু হয়।
সাময়িক এই বিঘ্নের কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে গ্রাহকদের বড় অঙ্কের জরুরি অর্থ স্থানান্তর ও ক্লিয়ারিং কার্যক্রমে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল।
দ্রুততম সময়ের মধ্যে সিস্টেম স্বাভাবিক করে লেনদেন সচল করা হয়। বর্তমানে এসব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।


