…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

সিলেট টেস্ট ড্রয়ের পর শান্তর স্বীকারোক্তি: পরিকল্পনা ঠিক ছিল, বাস্তবায়নে ভুল করেছি

নিজস্ব প্রতিবেদক
সিলেট টেস্ট ড্রয়ের পর শান্তর স্বীকারোক্তি: পরিকল্পনা ঠিক ছিল, বাস্তবায়নে ভুল করেছি
ছবি: সংগৃহীত

সিলেট টেস্ট ড্র হয়েছে, আর সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্ট ড্র করে সিরিজ বাঁচাতে পারেনি বাংলাদেশ। সিরিজ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, পরিকল্পনা ঠিক ছিল, কিন্তু মাঠে তার যথাযথ বাস্তবায়ন হয়নি।

নাহিদ রানা দলে থাকলে বোলিং পরিকল্পনায় ভিন্নতা আনার সুযোগ থাকত বলে মনে করেন শান্ত। বেশ কয়েক সিরিজ ধরেই ইনজুরিতে মাঠের বাইরে আছেন রানা। তার না থাকাটা স্পিননির্ভর বোলিং আক্রমণ সাজাতে ভূমিকা রেখেছে বলে জানালেন বাংলাদেশের অধিনায়ক।

শান্ত বলেন, 'অপোনেন্টের স্ট্রেন্থ কোথায়, উইকনেস কোথায়; সেটা চিন্তা করেই আমরা এই কম্বিনেশন করেছি। খুব ভালো একটা কথা বলেছেন, রানা থাকলে হয়তো কখনো কখনো আমরা ভিন্ন পরিকল্পনায় যেতে পারতাম। পুরোনো বলে অনেক সময় ভিন্ন পরিকল্পনা করা যায়। রানা থাকলে আমাদের হাতে বিকল্প বেশি থাকে।'

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টেই দুই পেসার ও তিন স্পিনার নিয়ে খেলেছে বাংলাদেশ। প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছেন অধিনায়ক।

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে এবং ডারউইনে তিন পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে দুই পেসারের পরিকল্পনাতেও জয় আসেনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টেই তিন স্পিনারের সঙ্গে খেলানো হয়েছে দুই পেসারকে।

বোলিং কম্বিনেশনের সিদ্ধান্তকে ভুল মনে করছেন না অধিনায়ক। তার মতে, পরিকল্পনার চেয়ে বাস্তবায়নেই ঘাটতি ছিল বেশি। দুই টেস্টেই ক্যারিবীয় স্পিনাররা যেভাবে দাপট দেখিয়েছে, তার ধারে কাছেও ছিলেন না বাংলাদেশের স্পিনাররা।

শান্ত বলেন, 'এই জিনিসগুলো অনেক আগে থেকেই পরিকল্পনা করা থাকে; আমরা কেমন কন্ডিশনে খেলব, ঘরের মাঠে কী ধরনের উইকেট চাই। সেই সুবিধা আমাদের নিতেই হবে। আমার মনে হয়, পুরোপুরি না হলেও কাছাকাছি কন্ডিশন অন্তত পাওয়া উচিত ছিল। দুর্ভাগ্যজনকভাবে সেটা কিছুটা কম পেয়েছি। তবে এটাকে অজুহাত দিতে চাই না। আমার মনে হয়, আমরা যে পরিকল্পনা করেছিলাম, সেটা ঠিক ছিল। কিন্তু বাস্তবায়নে অনেক ভুল করেছি।'

ঘরের মাঠে স্পিনসহায়ক উইকেটের প্রত্যাশা ছিল বাংলাদেশের। ঢাকা ও সিলেটে প্রত্যাশিত কন্ডিশন পুরোপুরি না পাওয়ার কথা স্বীকার করেছেন শান্ত। বিশেষ করে সিলেটে স্পিনের প্রভাব আরও আগে থেকে শুরু হবে বলে আশা করেছিলেন তিনি।

শান্ত বলেন, 'আমাদের পরিকল্পনা ছিল স্পিন উইকেটে খেলব। দুই ম্যাচেই যদি দেখেন, আমরা তিন স্পিনার ও দুই পেসার নিয়ে খেলেছি। প্রথম ম্যাচটা আমার কাছে মনে হয়, কন্ডিশনের কারণে হারিনি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং; তিন বিভাগেই ভালো করতে পারিনি। সিলেটে যে কন্ডিশন চেয়েছিলাম বা প্রত্যাশা করেছিলাম, পুরোপুরি সেটা পাইনি। ওই জায়গায় পরিকল্পনার দিক দিয়ে আমরা একটু পিছিয়ে ছিলাম।'

সিলেট টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনেও উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল। অথচ স্বাগতিকদের প্রত্যাশা ছিল, ম্যাচের শুরু থেকেই স্পিনাররা উইকেট থেকে সহায়তা পাবেন।

শান্ত বলেন, 'এরকম উইকেট চাওয়া ছিল না। যদি এমনই হতো, হয়তো আমরা আরও একজন বাড়তি পেসার নিয়ে খেলতে পারতাম। চিন্তা ছিল, স্পিনটা আরেকটু আগে থেকে শুরু হবে। দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি। ভবিষ্যতে যদি আবার এমন কন্ডিশন তৈরি করতে চাই, তাহলে আমাদের আরও ভালোভাবে আলোচনা করতে হবে, কীভাবে কন্ডিশনটা নিজেদের পক্ষে আনা যায়, সেটা নিয়ে সঠিক পরিকল্পনা করতে হবে।'

সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে এগিয়ে থাকার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল দল। কিন্তু প্রত্যাশা অনুযায়ী ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ।

শান্ত বলেন, 'আমরা ভালো ক্রিকেট খেলিনি, এটা মেনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, এই ফরম্যাটে আমরা যেভাবে ক্রিকেট খেলছিলাম, তার ৫০ শতাংশও খেলতে পারিনি। পরিকল্পনা ও বাস্তবায়ন ভালো হলে হয়তো ফল অন্যরকম হতো।'

সাম্প্রতিক সময়ে স্পিনাররা খারাপ করলেও বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সাফল্যের পেছনে স্পিনারদের দীর্ঘদিনের অবদানের কথা মনে করিয়ে দিলেন শান্ত।

তিনি বলেন, 'পেসাররা সাম্প্রতিক সময়ে, বিশেষ করে গত দেড় বছরে ভালো করছে। কিন্তু বাংলাদেশ দল সবসময়, বিশেষ করে ঘরের মাঠে কিংবা বাইরেও, স্পিনারদের হাত ধরেই ম্যাচ জিতেছে। এত দ্রুত স্পিনারদের ওপর থেকে ভরসা হারানো উচিত নয়। দুই-তিনটি সিরিজ খারাপ যেতেই পারে। তাদের পাশে থাকাটা গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, তারা ভালোভাবেই ফিরে আসবে।'

সিলেট টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন তৌহিদ হৃদয়। প্রথম ইনিংসে ২৪২ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে নেন তিনি। একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও ফিফটি করা প্রথম বাংলাদেশি ব্যাটার হলেন হৃদয়। তবে দলগতভাবে সিরিজটি শেষ হয়েছে হতাশায়—ড্র হওয়া সিলেট টেস্টের পর সিরিজ গেছে ওয়েস্ট ইন্ডিজের দখলে।

খেলা বিভাগের আরও খবর

খেলা

স্পিন উইকেটের পরিকল্পনা ছিল, প্রয়োগ হয়নি: সিরিজ হার নিয়ে শান্ত

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন ছিল বাংলাদেশ দলের। তবে সেই স্বপ্ন বিলীন হয়ে গেছে ঘরের মাঠে বাজে খেলার মধ্য দিয়ে।…

খেলা

স্পিন উইকেট বানিয়ে নিজেদেরই বিপদ ডেকেছে বাংলাদেশ: চেজ

মিরপুরে জয় আর সিলেটে ড্র—দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শেষে সংবাদ সম্মেলনে ক্যারিবীয় অধিনায়ক রোস্ট…

প্রত্যাশিত উইকেট পাইনি, কিউরেটরদের দিকেই আঙুল শান্তর
খেলা

প্রত্যাশিত উইকেট পাইনি, কিউরেটরদের দিকেই আঙুল শান্তর

বাংলাদেশ কি তাহলে সিলেট টেস্টের উইকেট পড়তে পারেনি? ড্র হওয়া টেস্টের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা শুনে যে কেউ এই প্রশ্ন তুলবেন।…

একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও ফিফটি, হৃদয়ের কীর্তিতে নতুন ইতিহাস
খেলা

একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও ফিফটি, হৃদয়ের কীর্তিতে নতুন ইতিহাস

সিলেট টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে খেলেছেন ২৪২ রানের দুর্দান্ত ইনিংস। এবার দ্বিতীয় ইনিংসেও তু…