…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

খড়ের চড়া দামে গরুর খাবার জোগাড়ে হিমশিম রংপুরের গৃহস্থের, ভরসা এখন কচুরিপানা

নিজস্ব প্রতিবেদক

রংপুরে খড়ের চড়া দামে গরুর খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন গৃহস্থরা। মাঠে এখনো পুরোদমে ধান কাটা ও মাড়াই শুরু হয়নি, ফলে নতুন খড়ের দেখা নেই। আর বাজারে পুরোনো খড়ের দাম চড়া হওয়ায় চারটি গরুর মুখে খাবার তুলে দিতে প্রতিদিনই ছুটতে হচ্ছে জলাশয়ে।

সোমবার দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বড়বিল মন্থনা ব্রিজসংলগ্ন একটি জলাশয়ে দেখা মেলে ৭০ বছর বয়সী আব্দুল হালিমের। জলাশয়ের চারপাশে সবুজ প্রকৃতি, পাশের সড়কে ছুটে চলেছে যানবাহন। অথচ সবার চোখের আড়ালে নিজের চারটি গরুর খাবার জোগাড় করতে পানিতে নেমে কচুরিপানা কাটছিলেন তিনি।

কচুরিপানা কেটে একত্র করে বাঁশের ভারে কাঁধে তুলে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন আব্দুল হালিম। বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, শক্তি আগের মতো নেই। তবুও গরুগুলোর খাবার জোগাড়ের সংগ্রামে থেমে নেই তাঁর পথচলা।

আব্দুল হালিমের বাড়ি বড়বিল চওড়াপাড়ায়। চারটি গরু লালন-পালন করেন তিনি। কিন্তু মৌসুমের এই সময়ে গরুর খাবার জোগাড় করাই তাঁর কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

কেন কচুরিপানা কাটছেন, জানতে চাইলে আঞ্চলিক ভাষায় আব্দুল হালিম বলেন, 'চারিপাশে মঙ্গা লাগছে ব্যাহে, গরুগুলা কি খাওয়াই? পোয়ালের যে দাম! এলাং (এখনো) ধান কাটা-মাড়াই শুরু হয় নাই। নয়া পোয়ালও (খড়) পাওয়া যায় না। বাধ্য হওয়া গরুগুলার জন্যে কচুরিপানা কাটোং। গরুগুলা ওগুলা খায়।'

তাঁর কথায় শুধু একজন গৃহস্থের আক্ষেপ নয়, উঠে এসেছে গ্রামীণ জনপদের অনেক মানুষের বাস্তব সংকট। ধান কাটার মৌসুমের আগে ও পরে খড়ের সরবরাহে ঘাটতি দেখা দিলে সবচেয়ে বেশি বিপাকে পড়েন স্বল্প আয়ের গৃহস্থ ও ক্ষুদ্র খামারিরা।

গরুর খাবার হিসেবে খড়ের ওপর নির্ভরশীল এসব মানুষের কাছে বাড়তি দাম মানেই বাড়তি দুশ্চিন্তা। অনেকের জন্য গবাদিপশু সংসারের সম্পদ, আবার কারও জীবিকা নির্বাহের অন্যতম অবলম্বন।

সংসারের সীমিত সামর্থ্যের মধ্যে বাড়তি দামে খড় কিনে গরু পালন করা কঠিন হয়ে পড়েছে তাঁর জন্য। তাই বাধ্য হয়ে কচুরিপানাকেই আপাতত গরুর খাবারের বিকল্প হিসেবে বেছে নিয়েছেন তিনি।

৭০ বছর বয়সী আব্দুল হালিমের প্রতিদিনের জীবন এখন যেন গরুগুলোর খাবার সংগ্রহের মধ্যেই আটকে আছে। জলাশয় থেকে কচুরিপানা কাটা, সেগুলো টেনে তোলা, বোঝা তৈরি করা এবং বাঁশের ভারে বাড়িতে নিয়ে যাওয়া—প্রতিটি কাজেই প্রয়োজন হয় শারীরিক শক্তি।

বয়সের কারণে কষ্ট হলেও গরুগুলোর খাবারের ব্যবস্থা করতে নিজেকেই এসব কাজ করতে হচ্ছে তাঁকে। কারণ, খাবারের অভাবে গরুগুলোকে তো আর না খাইয়ে রাখা যায় না।

এদিকে কচুরিপানা গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার করা গেলেও তা সংগ্রহ ও খাওয়ানোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা।

গঙ্গাচড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান বলেন, 'কচুরিপানা গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। তবে পরিষ্কার ও দূষণমুক্ত জলাশয় থেকে সংগ্রহ করতে হবে। ভালোভাবে পরিষ্কার করে পরিমাণমতো অন্য খাদ্যের সঙ্গে মিশিয়ে খাওয়ানো উচিত। অতিরিক্ত খাওয়ানো ঠিক নয়।'

একদিকে খড়ের সংকট, অন্যদিকে বাড়তি দাম—এই দুইয়ের চাপে দিশেহারা আব্দুল হালিমের মতো অনেক গৃহস্থ। তাঁদের অপেক্ষা এখন নতুন ধান ঘরে ওঠার। মাঠে ধান কাটা শুরু হলে হয়তো মিলবে নতুন খড়, কমবে গরুর খাবার নিয়ে দুশ্চিন্তা।

তত দিন পর্যন্ত ৭০ বছরের হালিমের ভরসা সেই জলাশয়ের কচুরিপানা। বয়সের কাছে হার না মেনে প্রতিদিনই তিনি ছুটছেন গরুগুলোর মুখে খাবার তুলে দেওয়ার তাগিদে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

২০২৭ সালে হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি, কোটা বাড়ল ৫ হাজার

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের আনুষ্ঠানিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন।…

জাতীয়

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি

বিগত ১৭ বছরে কোনো ধরনের গুণগত যাচাই-বাছাই ছাড়া অবাধে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড…

দণ্ডিতকে পাসপোর্ট দেওয়া হবে বিচারের সঙ্গে মকারি: চিফ প্রসিকিউটর
জাতীয়

দণ্ডিতকে পাসপোর্ট দেওয়া হবে বিচারের সঙ্গে মকারি: চিফ প্রসিকিউটর

পাসপোর্ট আইন অনুসারে ন্যূনতম দুই বছরের দণ্ডিতকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। এ কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে কীভাবে পাসপোর্ট দেবে রাষ্ট্র, এমন প…

জাতীয়

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্তে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। …