তৃণমূলের প্রতিভা খুঁজবে ‘নতুন কুঁড়ি’, ইউনিয়ন থেকে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা

তৃণমূলের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু করেছে সরকার। ইউনিয়ন ও সিটি করপোরেশনের ওয়ার্ডভিত্তিক দল গঠনের মাধ্যমে উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে এই কার্যক্রমের আওতায়।
সোমবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আমির হামজার এক লিখিত প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
প্রতিমন্ত্রী বলেন, মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে তৃণমূলে ক্রীড়া কার্যক্রম বাড়াচ্ছে সরকার। বর্তমান সরকারের ক্রীড়ানীতির সফল বাস্তবায়নের মাধ্যমে সুস্থ ও সবল জাতি গঠন এবং দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমানে উন্নীত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর নিরলসভাবে কাজ করছে।
তিনি জানান, গত ২ মে ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করেন।
এ কর্মসূচির আওতায় ফুটবল, ভলিবল, টেবিল টেনিস, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিকস ও দাবাসহ বিভিন্ন খেলায় প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
এ ছাড়া সাঁতার, গ্রামীণ খেলাধুলা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ক্রীড়া প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, এ কার্যক্রমের প্রাথমিক ধাপে ইউনিয়ন ও সিটি করপোরেশনের ওয়ার্ডভিত্তিক দল গঠন করা হবে।
এরপর পর্যায়ক্রমে উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।
কার্যক্রমটির মূল উদ্দেশ্য তৃণমূল পর্যায় থেকে প্রতিভা খুঁজে বের করে তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গড়ে তোলা বলে সংসদে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

