শ্রমিকদের চিকিৎসায় ১০০ শয্যার ছয়টি হাসপাতাল হচ্ছে, ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রধান প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে অনির্ধারিত এক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের পয়েন্ট অব অর্ডারে করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের সুচিকিৎসার সুবিধার জন্য সরকার ১০০ শয্যার করে মোট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার এবং চট্টগ্রামে এই ছয়টি জায়গায় হাসপাতাল তৈরি করা হবে।
তিনি বলেন, হাসপাতালগুলো শুধুমাত্র শ্রমিকদের চিকিৎসাসেবা দেবে। হাসপাতালগুলোর নামকরণও এমনভাবে করা হবে, যাতে বোঝা যায় এগুলো শ্রমিকদের জন্যই নির্দিষ্ট।
এর আগে বিগত সরকারের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এক যুগেরও বেশি সময় ধরে দেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশনির্ভর করে ফেলা হয়েছিল। দেশের খনিজ সম্পদ দেশের মানুষের স্বার্থে ব্যবহার না করে সবকিছু আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল।
তিনি বলেন, শিল্পের বিকাশ না ঘটিয়ে এমন সব নীতি নেওয়া হয়েছিল, যার ফলে বাংলাদেশের শিল্পের স্বাভাবিক বিকাশ হয়নি।
স্বাস্থ্যখাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিগত আমলে দেশের চিকিৎসাব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করা হয়েছিল। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাব্যবস্থা গণতান্ত্রিক সরকারের সময় যতটুকু ছিল, সেটাকেও ধ্বংস করে দেওয়া হয়। এভাবে চিকিৎসাব্যবস্থা ধ্বংস করায় বাংলাদেশের মানুষকে বাধ্য করা হয়েছিল বিশেষ কোনো একটি দেশে গিয়ে চিকিৎসা নিতে।
বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাংলাদেশের মানুষের দ্বারা নির্বাচিত একটি সরকার। দেশের প্রত্যেকটি শ্রেণি-পেশার মানুষের জন্য বর্তমান সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে শ্রমিকদের সুচিকিৎসার জন্য এই হাসপাতালগুলো নির্মাণ করা হবে।


