লক্ষ্মীপুরে টিউবওয়েল থেকে আপনা-আপনি পানি, মুখে জ্বলছে আগুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে একটি টিউবওয়েল থেকে চাপ ছাড়াই অনবরত পানি বের হচ্ছে, আর টিউবওয়েলের মুখে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। গ্রামের আদর্শ রুপালি কলোনীতে গত এক সপ্তাহ ধরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটছে।
টিউবওয়েলটি বসিয়েছেন ওই এলাকার বাসিন্দা মো. আবদুল্লাহ। তিনি জানান, প্রায় দুই মাস আগে বসতঘরের সামনে টিউবওয়েলটি স্থাপন করেন তিনি। স্থাপনের পর থেকে চাহিদা অনুযায়ী পানি উঠছিল না।
পানি না ওঠায় টিউবওয়েলটি স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়ার আগেই হঠাৎ এক সপ্তাহ ধরে টিউবওয়েলের নিচ থেকে আপনা-আপনি পানি ওঠা শুরু করে। সেই সঙ্গে পানির সঙ্গে আগুনও জ্বলতে দেখা যায়।
ঘটনাটি দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, টিউবওয়েল থেকে আপনা-আপনি পানি ও আগুন বের হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্টদের খতিয়ে দেখা প্রয়োজন।
রামগতি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. তানভীরুল ইসলাম বলেন, শুকনো মৌসুমে সাধারণত পানির স্তর খুব নিচে চলে যায়। আর বর্ষা মৌসুমে বেশি বৃষ্টির কারণে পানির স্তর উপরে চলে আসে।
তিনি আরও বলেন, ওই সময় নিচ থেকে পানির একটা চাপ তৈরি হয়। ফলে চাপ ছাড়াই টিউবওয়েল থেকে পানি উপরে চলে আসে। তবে পানির সঙ্গে আগুন বের হওয়ার কারণ খতিয়ে দেখে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
ইউএনওর নির্দেশনার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে পানি ও আগুন বের হওয়ার কারণ অনুসন্ধান করবেন।

