নোয়াখালীতে মাদ্রাসা থেকে ফেরার পথে শিশুশিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মাইসা ইলহান নুয়া (৭) নামে এক মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ড বা ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার মরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুয়া নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদ্রাসায় প্রথম জামাতের ছাত্রী ছিল।
নিহতের জেঠা আলতাফ হোসেন জানান, তাদের বাড়ি সদর উপজেলার সীমান্তবর্তী বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের নয়নপুর গ্রামে। বাড়ির পাশের সদর উপজেলার মাহতাপুর গ্রামের নূরানী মাদ্রাসায় পড়ত নুয়া।
সোমবার সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যায় সে। দুপুরে বাড়িতে ফিরে খাবার খেয়ে আবার মাদ্রাসায় চলে যায়। বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মাহতাপুর গ্রামের একটি বাড়ির সড়কের পাশে ঘরের পেছনে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, জাতীয় জরুরিসেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
প্রাথমিকভাবে লাশের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হত্যাকাণ্ড বা ধর্ষণেরও কোনো আলামত মেলেনি বলে জানিয়েছেন ওসি।
ওসি জানান, শিশুটির দাঁত কামড়ানো অবস্থায় ছিল এবং মুখ দিয়ে লালা বের হচ্ছিল। তাঁর ভাষায়, কেউ তাকে মারলে দাঁত কামড়ানো থাকবে না, মুখ দিয়ে লালা পড়বে না। তার মানে বিকল্প কোনো কিছু আছে।
তবে তদন্ত শেষে পরে বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছেন ওসি।
শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্ত চলছে।

