গ্রামীণ কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে চার নতুন প্রকল্প নিচ্ছে সরকার

গ্রামীণ দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমবায় অধিদপ্তর এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধীনে নতুন চারটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এসব প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানানো হয়।
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের এক লিখিত প্রশ্নের জবাবে সরকারের এ পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল তার প্রশ্নে জেলা ও উপজেলা পর্যায়ে গ্রামীণ দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে নতুন কোনো প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানের অনুপস্থিতিতে তার পক্ষে প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী শাহে আলম।
জবাবে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, গ্রামীণ দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমবায় অধিদপ্তরের অধীনে ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে দুটি নতুন প্রকল্প প্রস্তাব করা হয়েছে।
প্রথম প্রকল্পটি হলো সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন। এ প্রকল্পের মাধ্যমে সুনামগঞ্জের শাল্লা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জগন্নাথপুর ও ছাতক উপজেলাসহ দেশের ২০০টি উপজেলার গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্রঋণ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এর মাধ্যমে নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে সহায়তা করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
দ্বিতীয় প্রকল্পটি হলো সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়ন। এ প্রকল্পের আওতায় সুনামগঞ্জের উল্লেখিত উপজেলাগুলোসহ দেশের ৪৯৬টি উপজেলার স্থানীয় জনগোষ্ঠীকে কারিগরি ও ভাষাগত প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্রঋণ সুবিধার মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধীনেও দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নে আরও দুটি প্রকল্প গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি সংসদকে জানান, বিআরডিবির প্রস্তাবিত প্রকল্প দুটির উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে পাঠানো হয়েছে। বর্তমানে সেগুলো অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।
প্রকল্প দুটি হলো—'স্কিল ডেভেলপমেন্ট ফর ইনকাম জেনারেশন বাই রুরাল সোসাইটি (এসডিআইজি)' এবং 'গ্রামীণ উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প'।
প্রতিমন্ত্রী আরও জানান, বিআরডিবির এ দুটি প্রকল্পও ২০২৬-২৭ অর্থবছরের এডিপির অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। অনুমোদন সাপেক্ষে প্রকল্প দুটি বাস্তবায়ন করা হবে।


