নারী পোশাকশ্রমিকদের কণ্ঠস্বর সংবাদে তুলে ধরতে গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা
দেশের তৈরি পোশাকশিল্পে অটোমেশন ও পরিবেশবান্ধব ন্যায্য রূপান্তর প্রক্রিয়ায় নারী শ্রমিকদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা সংবাদমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার লক্ষ্যে সোমবার গাজীপুরে সাংবাদিকদের নিয়ে একটি অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ (সি-ক্যাব) আয়োজিত দিনব্যাপী এই কর্মশালায় গাজীপুরে কর্মরত বিভিন্ন মূলধারার গণমাধ্যমের ৫৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
সি-ক্যাবের নির্বাহী পরিচালক জেইন মাহমুদ কর্মশালাটি পরিচালনা করেন। এইচঅ্যান্ডএম ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত অপরাজিতা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় পোশাকশিল্পে নারী শ্রমিকদের ভূমিকা, জীবন-জীবিকার মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রযুক্তিগত পরিবর্তনের প্রভাব, কার্বন নেট-জিরো লক্ষ্যমাত্রা এবং ন্যায্য রূপান্তরের বিভিন্ন দিক উঠে আসে।
সংবাদ পরিবেশনায় প্রচলিত নেতিবাচক ধারণা ও স্টেরিওটাইপের বাইরে গিয়ে নারী শ্রমিকদের অবদান, অভিজ্ঞতা ও আকাঙ্ক্ষা তুলে ধরা এবং জেন্ডার-সেন্সিটিভ ভাষার ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় জেইন মাহমুদ ন্যায্য রূপান্তর, কার্বন নেট-জিরো লক্ষ্যমাত্রা এবং তৈরি পোশাকশিল্পের পরিবর্তনশীল প্রেক্ষাপট তুলে ধরেন। এসব বিষয়ে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা এবং নারী শ্রমিকদের নিয়ে প্রচলিত সংবাদ ভাবনায় পরিবর্তন আনার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন তিনি।
এ সময় সাংবাদিকরা আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন এবং সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের কাজের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
এ বিষয়ে জেইন মাহমুদ বলেন, ‘দেশের তৈরি পোশাকশিল্প নিয়ে প্রচলিত সংবাদ প্রতিবেদনে কার্বন নিঃসরণ কমানো ও ন্যায্য রূপান্তরের ধারণা এবং পাশাপাশি প্রযুক্তিগত পরিবর্তনের ফলে নারী শ্রমিকদের ওপর যে প্রভাব পড়ছে, তা অনেক ক্ষেত্রেই যথাযথ গুরুত্ব পায় না। অথচ এসব বিষয়ে বিশ্লেষণধর্মী ও অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরির যথেষ্ট সুযোগ রয়েছে।’
আয়োজকরা জানিয়েছেন, নারী শ্রমিকদের অভিজ্ঞতা, সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো সংবাদমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরতে এবং সাংবাদিকদের গতানুগতিক ধারার বাইরে গিয়ে প্রতিবেদন তৈরিতে উৎসাহিত করাই এই কর্মশালার লক্ষ্য ছিল।
