খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় যুব উন্নয়ন কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের কৃষি গবেষণা কেন্দ্র এলাকায় বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় নিরুপন চাকমা নামে এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরুপন চাকমা খাগড়াছড়ি পৌরসভার অপর্ণা চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের ভাতিজা ভাগিস চাকমা জানান, নিরুপন চাকমা অফিসের কাজ শেষে মোটরসাইকেলযোগে দীঘিনালা থেকে খাগড়াছড়ি শহরে ফিরছিলেন।
পথে খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্রের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী নিরুপন চাকমাকে চাপা দেওয়ার পর পিকআপের চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় স্থানীয় মোটরসাইকেল আরোহীরা পিকআপটি আটকাতে সক্ষম হন। তবে চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, দুর্ঘটনায় জড়িত পিকআপটি জব্দ করা হয়েছে।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

