বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আত্মনির্ভরশীল করে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের যথাযথ শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, প্রতিটি শিশুই দেশের জন্য মূল্যবান সম্পদ; প্রয়োজনীয় সুযোগ ও সহায়তা পেলে প্রত্যেক শিশুর সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার বিকাশ ঘটানো সম্ভব।
সোমবার ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত 'প্রয়াস' বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রয়াস প্রাঙ্গণে পৌঁছালে প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ও সেনা পরিবার কল্যাণ সমিতির সভানেত্রী সারাহনাজ কমলিকা জামান এবং ঢাকা প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক শিরীন সুলতানা তাঁকে স্বাগত জানান। এ সময় শিক্ষার্থীরা ফুল দিয়ে তাঁকে বরণ করে নেয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণী ইশরাত শামস মলি।
পরিদর্শনের শুরুতে দেশব্যাপী প্রয়াসের বিভিন্ন শাখায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করা হয়।
পরে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের শিক্ষা, সৃজনশীলতা ও অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, সমাজের মূলধারায় সম্পৃক্ত করা এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রয়াসের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।
আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকসে শিক্ষার্থীদের সাফল্য এবং তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল কর্মকাণ্ডে তাদের অর্জনকে দেশের জন্য গৌরবের বলে উল্লেখ করেন ডা. জুবাইদা রহমান।
তিনি বলেন, কোনো শিশু যেন সুযোগের অভাবে পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করা সবার দায়িত্ব।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তাঁদের যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করা গেলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
পাশাপাশি প্রয়াসের পৃষ্ঠপোষকবৃন্দ, পরিচালনা পর্ষদ, অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।
পরিদর্শনের শেষ পর্যায়ে ডা. জুবাইদা রহমান প্রয়াসের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন পর্যায়ের সদস্য, শিক্ষার্থী ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
