কুড়িগ্রাম হাসপাতালে তালাবদ্ধ ২১ কোটি টাকার যন্ত্রপাতি, তিন জেলায় দুদকের অভিযান
কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে রোগীদের চরম হয়রানির শিকার হতে হচ্ছে, আর অন্যদিকে ২১ কোটি টাকা ব্যয়ে কেনা অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম তালাবদ্ধ কক্ষে ধুলো জমে নষ্ট হচ্ছে।
সরেজমিনে এমন চিত্র পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। সোমবার (৯ নভেম্বর) কুড়িগ্রাম, পিরোজপুর ও নীলফামারীর তিনটি পৃথক প্রতিষ্ঠানে অভিযান চালায় সংস্থাটি।
দুদক সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবায় অবহেলা ও হয়রানি, প্রায় ২১ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম কেনায় অনিয়ম এবং বকেয়া বিলের অজুহাতে যন্ত্রপাতি অব্যবহৃত রাখার অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রামের একটি দল।
অভিযানকালে এনফোর্সমেন্ট টিম ২০১৮-১৯ অর্থবছরে কেনা চিকিৎসা সরঞ্জামের তালিকা সংগ্রহ করে। পরে হাসপাতালে সরেজমিনে পরিদর্শনে গিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি তালাবদ্ধ কক্ষে অব্যবহৃত অবস্থায় দেখতে পায় তারা।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) দুদক টিমকে জানান, প্রয়োজনীয় অবকাঠামোগত সেটআপ ও ম্যানপাওয়ার চালু না হওয়ায় যন্ত্রপাতিগুলো ব্যবহার করা সম্ভব হচ্ছে না।
এ ছাড়া অভিযানকালে হাসপাতাল চত্বরে মারাত্মক পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি দেখতে পান কর্মকর্তারা।
এসব চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতি বা কোনো অনিয়ম হয়েছে কি না, তা পুঙ্খানুপুঙ্খ যাচাই করতে সংশ্লিষ্ট ক্রয়নথিপত্র সংগ্রহ করেছে দুদক।
একই দিনে পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালচক্রের যোগসাজশে সেবায় হয়রানি, নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়, আবেদনপত্র গ্রহণে অনিয়ম এবং সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে অভিযান চালায় পিরোজপুরের দুদকের একটি সমন্বিত টিম।
অভিযানকালে দুদকের সদস্যরা ছদ্মবেশে পাসপোর্ট অফিসের বিভিন্ন সেবা কেন্দ্র পর্যবেক্ষণ করেন। পরে সাধারণ সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্যের সত্যতা যাচাই করেন।
একই সঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা পাসপোর্ট আবেদনের তালিকা সংগ্রহ করা হয় এবং পাসপোর্ট সেবা স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে অফিস কর্তৃপক্ষকে কঠোর দিকনির্দেশনা দেওয়া হয়।
অন্যদিকে, ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নীলফামারীর কিশোরগঞ্জে সোনালী ব্যাংক শাখায় অভিযান চালিয়েছে দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়।
অভিযোগে প্রকাশ, ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ গ্রাহকদের কাছ থেকে স্বাক্ষর করা ব্ল্যাঙ্ক চেক, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য সংবেদনশীল কাগজপত্র সংগ্রহ করেন। পরে তাঁদের অজান্তেই তাঁদের নামে অতিরিক্ত ঋণ উত্তোলন করে প্রায় ১ কোটি টাকা আত্মসাৎ করা হয়।
অভিযানকালে ব্যাংকটি থেকে অভিযুক্তদের ঋণসংক্রান্ত নথিপত্র জব্দ করার পাশাপাশি বর্তমান ব্যবস্থাপক ও কয়েকজন ভুক্তভোগী গ্রাহককে জিজ্ঞাসাবাদ করেন দুদকের কর্মকর্তারা।
দুদক জানিয়েছে, পরিচালিত এ তিনটি অভিযানের সব তথ্য-প্রমাণ ও সংগৃহীত নথিপত্র বিস্তারিত পর্যালোচনা করে শিগগিরই আইনানুগ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

