…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

পরিকল্পনা ছিল, বাস্তবায়ন হয়নি: সিরিজ হার নিয়ে শান্তর ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজে মিরপুরে প্রথম টেস্টে ৮ উইকেটে হারের পর সিলেটে দ্বিতীয় ম্যাচটি ড্র করেছে বাংলাদেশ। তবে সিরিজজুড়ে বাংলাদেশের পারফরম্যান্সের পাশাপাশি আলোচনায় ছিল একাদশ নির্বাচন ও উইকেটের ধরন।

বিশেষ করে দুই টেস্টেই তিন স্পিনার ও মাত্র দুই পেসার নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। সিরিজ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও স্বীকার করেছেন, পরিকল্পনায় আরও নিখুঁত হতে পারত দল।

সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্য তাড়ায় শেষদিনে ৪ উইকেটে ১৮৪ রান তুলেছিল বাংলাদেশ। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার পর ম্যাচটি ড্র ঘোষণা করেন আম্পায়াররা। তাতে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজ শেষে সংবাদ সম্মেলনে দলের পারফরম্যান্সের ব্যাখ্যা দিতে গিয়ে শান্ত জানিয়েছেন, কন্ডিশন নয়, তিন বিভাগেই প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারাই হারের অন্যতম কারণ। তবে উইকেট নিজেদের অনুকূলে আনার পরিকল্পনাও পুরোপুরি কাজে আসেনি।

তিনি বলেন, 'আমার মনে হয়, কন্ডিশনের কারণে আমরা ম্যাচটি হারিনি। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই ভালো করতে পারিনি আমরা। এ কারণেই ম্যাচটা হেরেছি। আমাদের পরিকল্পনা ঠিক থাকলেও তার সঠিক বাস্তবায়ন হয়নি। সিলেটে যেমন কন্ডিশন চেয়েছিলাম আমরা, ঠিক তেমনটা পুরোপুরি পাইনি। সেদিক থেকে হয়তো একটু পিছিয়ে ছিলাম।'

দুই টেস্টেই তিন স্পিনার ও দুই পেসার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে স্পিনসহায়ক উইকেট তৈরির পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের। কিন্তু প্রত্যাশিত সময়ের আগে স্পিন ধরেনি উইকেট।

ফলে পেস বোলিং বিভাগে একজন বাড়তি সদস্য রাখার সুযোগ ছিল কি না, সেই প্রশ্নও সামনে এসেছে। শান্ত অবশ্য স্বীকার করেছেন, একজন অতিরিক্ত পেসার নিয়ে খেলার কথা ভাবা যেত। ভবিষ্যতে উইকেট তৈরির পরিকল্পনা আরও সমন্বিতভাবে করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

তিনি বলেন, 'আমাদের পরিকল্পনা তো ছিলই যে আমরা স্পিন উইকেটে খেলব, সত্যি বলতে এবং দুই ম্যাচে যদি দেখেন আমরা তিনজন স্পিনার এবং দুইজন পেস বোলার নিয়ে খেলেছি। প্রথম ম্যাচটা আমার কাছে মনে হয় যে কন্ডিশনের কারণে আমরা ম্যাচটা হারিনি, আমার মনে হয় আমরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটি বিভাগেই ভালো করিনি।'

পেসার কম খেলানো নিয়ে শান্ত বলেন, 'হয়তো আমরা আরও একজন অতিরিক্ত পেস বোলার নিয়ে খেলতে পারতাম। তো চিন্তা ছিল যে স্পিনটা হয়তো আরেকটু আগে থেকে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি। তো ভবিষ্যতে যদি আমরা আবার এরকম কন্ডিশন তৈরি করতে চাই, তবে আমাদের আরও ভালোভাবে কথা বলে কীভাবে কন্ডিশনটা আমাদের অনুকূলে আনতে পারি, সেটা নিয়ে আরও সঠিক উপায়ে পরিকল্পনা করতে হবে।'

তবে স্পিনারদের ওপর থেকে আস্থা হারাতে নারাজ বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, 'আমাদের পেসাররা গত এক-দেড় বছর ধরে ভালো করছে। তবে বাংলাদেশ দল, বিশেষ করে যখন দেশের মাটিতে খেলে অথবা বাইরেও তখন স্পিনারদের ওপর ভরসা রেখেই বেশি ম্যাচ জিতেছে। এত দ্রুত স্পিনারদের ওপর থেকে ভরসা হারানো উচিত না। আমি বিশ্বাস করি, দলে খেলা তিনজন স্পিনারই যথেষ্ট দক্ষ। হ্যাঁ, আমি মানছি যে তারা শেষ দুই-তিনটি সিরিজে ভালো বল করতে পারেনি।'

সিরিজে বাংলাদেশের ব্যর্থতার মধ্যেও বড় প্রাপ্তি তাওহীদ হৃদয়ের ২৪২ রানের অপরাজিত ইনিংস। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই ডাবল সেঞ্চুরি করেছেন এই মিডলঅর্ডার ব্যাটার।

হৃদয়ের ইনিংসের প্রশংসা করে শান্ত বলেন, 'তার এই ইনিংস দেখে ড্রেসিংরুমের সবাই মুগ্ধ। আমার মনে হয়, মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই এত বড় একটা ইনিংস খেলা এবং লোয়ার-মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের ব্যাটারদের সাথে যেভাবে সে জুটি গড়ে ব্যাটিং করেছে, তা অনেক অভিজ্ঞ ক্রিকেটারও করতে পারে না।'

খেলা বিভাগের আরও খবর

খেলা

স্পিন উইকেটের পরিকল্পনা ছিল, প্রয়োগ হয়নি: সিরিজ হার নিয়ে শান্ত

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন ছিল বাংলাদেশ দলের। তবে সেই স্বপ্ন বিলীন হয়ে গেছে ঘরের মাঠে বাজে খেলার মধ্য দিয়ে।…

খেলা

স্পিন উইকেট বানিয়ে নিজেদেরই বিপদ ডেকেছে বাংলাদেশ: চেজ

মিরপুরে জয় আর সিলেটে ড্র—দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শেষে সংবাদ সম্মেলনে ক্যারিবীয় অধিনায়ক রোস্ট…

প্রত্যাশিত উইকেট পাইনি, কিউরেটরদের দিকেই আঙুল শান্তর
খেলা

প্রত্যাশিত উইকেট পাইনি, কিউরেটরদের দিকেই আঙুল শান্তর

বাংলাদেশ কি তাহলে সিলেট টেস্টের উইকেট পড়তে পারেনি? ড্র হওয়া টেস্টের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা শুনে যে কেউ এই প্রশ্ন তুলবেন।…

লাঞ্চে ৪৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ, জয়ের জন্য চাই আরও ৩২০ রান
খেলা

লাঞ্চে ৪৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ, জয়ের জন্য চাই আরও ৩২০ রান

সিলেট টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য ৩৬৯ রানের কঠিন লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। তবে লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে স্বাগতিকরা।…