যাত্রাবাড়ীতে পাঁচ ককটেলসহ যুবক গ্রেপ্তার, পালালেন সঙ্গী
রাজধানীর যাত্রাবাড়ীতে পাঁচটি ককটেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৯ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ীর জনপদ মোড় ফ্লাইওভারের প্রবেশমুখে পুলিশের চেকপোস্টে পাঁচটি ককটেলসহ মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ করা হয়। মোটরসাইকেলে থাকা পলাশ (৪৫) নামে আরেক ব্যক্তি পালিয়ে যান।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ রাত সোয়া ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মো. এমরান হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় মোটরসাইকেলে দুই আরোহী এলে তাঁদের থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি ও এসআরইউ সদস্যদের সহযোগিতায় সাইফুলকে আটক করা হয়। এ সময় অপর আরোহী পালিয়ে যান।
আটকের পর সাইফুলের হাতে থাকা একটি বাজারের ব্যাগে ধানের তুষ দেখতে পান পুলিশ সদস্যরা। পরে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ব্যাগটি পরীক্ষা করে পাঁচটি ককটেল উদ্ধার করেন।
গ্রেপ্তার সাইফুলের বাবার নাম মৃত মোহাম্মদ খলিলুর রহমান। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার ঝলম গ্রামের ১ নম্বর এলাকায়। বর্তমানে তিনি রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ ফার্স্ট লেন এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, পলাতক পলাশের বয়স আনুমানিক ৪৫ বছর। তাঁর বাড়ি মানিকগঞ্জে। তবে তাঁর বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ তাঁকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একই সোমবার সন্ধ্যায় ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দ্বিতীয় গেটসংলগ্ন বাস পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে ফার্মগেটে একটি বাসে আগুন দেওয়া হয়, আর রাত সাড়ে ৯টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশনের ডাকঘর এলাকায় দাঁড়িয়ে থাকা বসুমতি নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যানুযায়ী, গত দুই দিনে (গত শনিবার থেকে রোববার রাত) রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে। এ সময় তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় গত তিন দিনে অন্তত ২০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিএমপি।
এদিকে রাজধানীর বাইরে ঢাকার সাভার, বরগুনা ও গাজীপুরে পাঁচটি বাসে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনা ঘটানো হয়েছে গতকাল রোববার দিবাগত গভীর রাত থেকে সোমবার সন্ধ্যার মধ্যে।
এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

