…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

রাজধানীসহ দেশজুড়ে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ফার্মগেট, আদাবর, মিরপুর ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কয়েকটি বাসেও আগুন দেওয়া হয়। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা এসব ঘটনায় রাজধানীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ৬টা ৪০ মিনিটের দিকে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া শিল্পাঞ্চল থানার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ দুই ঘটনায় কেউ হতাহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি।

রাত ৯টা ৪০ মিনিটের দিকে আদাবরের টোকিও স্কয়ারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ডিসি ইবনে মিজান জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আদাবরে টোকিও স্কয়ারের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এসব বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে হাতিরঝিল থানার মগবাজার এলাকায় চেকপোস্টে ককটেল মারার সময় চারজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

ফার্মগেটের পর রাত ৯টার দিকে মিরপুর ১১ নম্বরে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

রাজধানীর বাইরেও সোমবার রাতে একই ধরনের ঘটনা ঘটেছে। খুলনার দৌলতপুরে রাস্তার পাশ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ৮টার দিকে নগরীর মনা মার্কেটের সামনে থেকে এটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে মনা মার্কেটের পাশে রাস্তার ওপর কৃষক দলের একটি আলোচনা সভা চলছিল। এ সময় স্থানীয় এক ব্যক্তি রাস্তার ওপর ককটেলটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদুল ইসলাম বলেন, ‘ককটেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। কে বা কারা সেখানে এটি রেখে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।’

গোপালগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মুক্তিযোদ্ধা ভবনসহ একাধিক স্থানে সোমবার রাতে এসব বিস্ফোরণ ঘটে। নিষিদ্ধ সংগঠনের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত এসব ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মানিকগঞ্জেও সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, বাসস্ট্যান্ড, গোলড়া স্ট্যান্ড, সাটুরিয়ার নয়াডিঙ্গীসহ ছয় এলাকায় অন্তত ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানী ও জেলাগুলোতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ঘটনাগুলোর তদন্ত করছে এবং মগবাজারে আটক চারজনসহ সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

২০২৭ সালে হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি, কোটা বাড়ল ৫ হাজার

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের আনুষ্ঠানিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন।…

জাতীয়

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি

বিগত ১৭ বছরে কোনো ধরনের গুণগত যাচাই-বাছাই ছাড়া অবাধে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড…

দণ্ডিতকে পাসপোর্ট দেওয়া হবে বিচারের সঙ্গে মকারি: চিফ প্রসিকিউটর
জাতীয়

দণ্ডিতকে পাসপোর্ট দেওয়া হবে বিচারের সঙ্গে মকারি: চিফ প্রসিকিউটর

পাসপোর্ট আইন অনুসারে ন্যূনতম দুই বছরের দণ্ডিতকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। এ কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে কীভাবে পাসপোর্ট দেবে রাষ্ট্র, এমন প…

জাতীয়

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্তে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। …