জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে হাতকড়াসহ হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিল অনুসারীরা
সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে হাতকড়াসহ জাকারিয়া মাহমুদ নামে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়ে গেছে তার অনুসারীরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হরিপুর বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে থানায় নেওয়ার পথে করিচর সেতু এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়া হয়।
জাকারিয়া মাহমুদ কার্যক্রম নিষিদ্ধ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক। তিনি একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
স্থানীয় সূত্রে জানা যায়, হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি জাকারিয়া মাহমুদ হরিপুর বাজার সংলগ্ন একটি মিষ্টান্ন কোম্পানির আউটলেটে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জৈন্তাপুর থানা পুলিশ। অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পরে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যাওয়ার পথে করিচর সেতু এলাকায় পৌঁছালে তার অনুসারীরা পুলিশের গাড়ির গতিরোধ করে। এ সময় তারা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছ থেকে হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে পুলিশ।
বিষয়টি নিয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক ঢাকা পোস্টকে বলেন, পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
তিনি বলেন, ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং হামলাকারীদের আইনের আওতায় আনতে একাধিক পুলিশ দল অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুততম সময়ের মধ্যে তাদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করলেও ঘটনার পরপরই আসামি ও হামলাকারীদের কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। এলাকায় থমথমে পরিস্থিতির মধ্যে পুলিশের অভিযান চলছে।

