…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

গাজীপুর-মিরপুর-বাগেরহাটে এক রাতে বাস-কাভার্ডভ্যান-পিকআপে আগুন

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের চন্দ্রায় এবার দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে জেলার চন্দ্রা-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চন্দ্রার হাজীবাড়ী এলাকায় সড়কের পাশে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। রাত ১১টার দিকে হঠাৎ ভ্যানের সামনে থেকে আগুন ও কালো ধোঁয়া উড়তে দেখেন পথচারীরা। এ সময় তারা চিৎকার চেঁচামেচি শুরু করে। পরে লোকজন জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে তৎপরতা চালিয়ে রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করেন।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার চন্দ্রা ত্রিমোড়ের কাজলী ফার্ম এলাকায় আজমেরি গ্লোরী নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার কয়েক ঘণ্টা পর কাভার্ডভ্যানে আগুনের ঘটনা ঘটে। এতে পুরো এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, চন্দ্রা ত্রিমোড়ের অদূরে আবারও একটি কাভার্ডভ্যানে আগুনের ঘটনা ঘটেছে। আমাদের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামকে ফোনকল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ফার্মগেটের পর এবার রাজধানীর মিরপুর ১১ নাম্বারে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এতে বাসটির আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, পোস্ট অফিসের সামনে সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, দুই দিন আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। সেখানে বাসের নিরাপত্তা জোরদার এবং সড়কে বাস পার্কিং না করার বিষয়ে সতর্ক করা হয়েছে। এ ধরনের ঘটনা এড়াতে বাস মালিকদেরও সতর্ক থাকা উচিত।

এদিকে বাগেরহাট সদর উপজেলার মানিকতলা এলাকায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই স্লোগান দিয়ে চলন্ত কলা বোঝাই একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় স্লোগান দিতে দিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পিকআপের চালক জানান, মোটরসাইকেলে করে চার থেকে পাঁচজন অজ্ঞাত যুবক এসে পিকআপের কাছে নামে। এরপর জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই স্লোগান দিয়ে গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে কলা বোঝাই পিকআপ ভ্যানটি মানিকতলা এলাকা দিয়ে চলাচলের সময় মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক সেটির গতিরোধ করে। পরে তারা পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, মানিকতলা এলাকায় কলা বোঝাই পিকআপের টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ অবগত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন, থমথমে গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লগি-বৈঠা মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া…

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার
আইন ও অপরাধ

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির মূল ফটকের সামনে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে ধানমন্ডি সিটি কলেজের পাশ থে…

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি
আইন ও অপরাধ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশ না করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকের…

আইন ও অপরাধ

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অভিযোগ

গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দুপুরের খাবারের অজুহাতে দীর্ঘ সময় সেবা কার্যক্রম বন্ধ রাখা এবং উপপরিচা…