কেরানীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ সাগর গ্রেপ্তার, উদ্ধার সামুরাই-চাপাতি
ঢাকার কেরানীগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ আমিনুল ইসলাম সাগর (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)।
সোমবার (৯ নভেম্বর) কেরানীগঞ্জ থানাধীন আরশিনগর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার ব্যবহৃত একটি প্রাইভেট কার থেকে একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা গুলি, একটি সামুরাই, দুটি চাপাতি ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়।
এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-২ জানতে পারে, আরশিনগর এলাকার একটি বাড়িতে অস্ত্রধারী সন্ত্রাসী সাগর অবস্থান করছেন। ওই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি বিদেশি ওয়ান শুটারগানসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুনরায় তল্লাশি চালানো হয়। এ সময় তার ব্যবহৃত প্রাইভেট কারের ভেতর থেকে দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা গুলি, একটি সামুরাই, দুটি চাপাতি ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেন অভিযানের সদস্যরা।
প্রাথমিক তথ্যানুসন্ধানে এসআরবি-২ জানিয়েছে, গ্রেপ্তার আমিনুল ইসলাম সাগর নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য। উদ্ধার করা দেশি ও বিদেশি অস্ত্রের মাধ্যমে তিনি নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে আসছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাগরের পিসিপিআর যাচাই করে দেখা গেছে, তার বিরুদ্ধে ডিএমপির শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তিনি আগেও একবার গ্রেপ্তার হয়েছিলেন।
জব্দ করা আলামত ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তার অন্য সহযোগীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে এসআরবি-২-এর অভিযান অব্যাহত রয়েছে।



