রাজধানীসহ দেশের নানা স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, জনমনে আতঙ্ক

সন্ধ্যা হলেই যেন রাজধানীতে বাড়ছে আতঙ্ক। বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ঘটছে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ১৫টি ককটেল বিস্ফোরিত হয়েছে।
রাজধানীর মিরপুরে ককটেল বিস্ফোরণে ওমর আলী (৬০) নামের এক জমি ব্যবসায়ী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাতটার দিকে দারুস সালাম থানার মিরপুর ১ নম্বর গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিনি অটোরিকশায় ছিলেন।
আহত ওমর আলীকে প্রথমে স্থানীয় মিরপুর ইসলামী হাসপাতালে নেওয়া হয়। পরে কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেলে আহত ওমর আলীর মেয়ের জামাতা মাসুম জানান, তাঁর শ্বশুর অটোরিকশায় করে মিরপুর ১ নম্বর গোলচত্বর এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তদের ছোড়া ককটেলের স্প্লিন্টার তাঁর বাঁ হাঁটু, পায়ের গোড়ালি ও চোখে লাগে। এতে তিনি আহত হন। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ওমর আলীর চিকিৎসা চলছে বলে সেখানকার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান জানিয়েছেন।
এর আগে সোমবার বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা, পুরান ঢাকার আদালতপাড়াসহ ঢাকার কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ঢাকায় ফার্মগেটে বাসে আগুনের ঘটনার পর মিরপুরেও দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয় ফটকসংলগ্ন বাস পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে এ বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় ছাত্রলীগের কর্মী সন্দেহে রেজওয়ান আহমেদ নামের এক শিক্ষার্থীকে আটক করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। আটক রেজওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১ ও ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তাঁরা। এ সময় ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। দ্বিতীয় ফটকের পাশে পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে বিস্ফোরণটি ঘটে। তবে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে কাউকে দেখা যায়নি বলে জানান তাঁরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, 'সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল। ওই সময় দ্বিতীয় ফটকে ককটেল বিস্ফোরণের কথা শুনেছি। আমরা তখন ক্যাম্পাসে ছিলাম না। সিসিটিভি ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।' সন্দেহভাজন ব্যক্তিকে আটকের বিষয়ে প্রক্টর বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা একজনকে আটক করেছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
ঢাকার বাইরেও একই ধরনের ঘটনা ঘটেছে। ঝিনাইদহের শৈলকুপায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী 'দিগন্ত' নামের বাসটি চাঁদপুর ড্রাগন বাগান এলাকা অতিক্রম করার সময় এ হামলার ঘটনা ঘটে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটই বাজারে সড়ক নির্মাণকাজের কারণে দীর্ঘ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসগুলো যানজটে আটকে ছিল। যানজট ছাড়ার কিছুক্ষণ পর বাসটি চলতে শুরু করে। চাঁদপুর ড্রাগন বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল থেকে বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বাসটি চলন্ত অবস্থায় থাকায় এবং গতির কারণে বোমাটি বাসের চাকায় লেগে রাস্তায় ছিটকে পড়ে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বাসটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থী ছিলেন।
বাসে থাকা সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বর্ষা বলেন, 'আমরা দীর্ঘ সময় যানজটে আটকে ছিলাম। বাস চলতে শুরু করার কিছুক্ষণ পরই বাস লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। মানুষের জীবনের নিরাপত্তা কি আদৌ আছে? ক্ষমতা ভোগ করবে বিভিন্ন দল, আর দিনশেষে হামলার শিকার হতে হবে আমাদের মতো সাধারণ শিক্ষার্থী ও জনগণকে। বোমাটা যদি আর এক-দুই ইঞ্চি এদিক-ওদিক হয়ে টায়ারে লাগত, তাহলে আজ হয়ত আমি বেঁচে থাকতাম না। আমার জীবনের নিরাপত্তা কে দেবে?'
বাসটির চালক বুরাহান উদ্দিন বলেন, বাসটি চাঁদপুর ব্রিজ পার হয়ে ড্রাগন বাগানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কালো মোটরসাইকেলে থাকা হেলমেট পরা দুই ব্যক্তির একজন পেট্রোল বোমাসদৃশ কিছু একটা নিক্ষেপ করেন। বাসের গতি কম থাকায় আমি বাসটি পাশ কাটিয়ে নিয়ে চলে আসি। আপাতত বাস বা কোনো শিক্ষার্থীর ক্ষতি হয়নি। বাসটিতে প্রায় ৩৫ জন শিক্ষার্থী, আমার সহকারী ও আমি ছিলাম।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, এমন একটি ঘটনার কথা শুনেছি। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে কোনো আলামত পাওয়া যায়নি। যে-কোনো ধরনের নাশকতা ঠেকাতে মহাসড়কজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

